শান্তিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিভিন্ন দোকান তদারকি করে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল—আমিন।
পাগলা বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ খাবার ও ঔষধ বিক্রি ও ভোক্তা অধিকার বিরোধী অপরাধে বিজয় মিষ্টি ঘর কে ৪ হাজার, মা রেস্টুরেন্টে কে ৪ হাজার ও আরোহী ফ্যাশন কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টাঙানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়—বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহায়তা করেন র‌্যাব ৯ এর সদস্যরা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল—আমিন বলেন, চলমান বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে পাগলা বাজারে আজ অভিযান চালিয়েছি। তিন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।