কালী মন্দিরের জায়গা বুঝে পেলেন মুজরাই গ্রামবাসী

আমিনুল ইসলাম, তাহিরপুর
অবশেষে কালী মন্দিরের জায়গা বুঝে পেলেন মুজরাই গ্রামবাসী। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি সাথে পুলিশ নিয়ে সরজমিন জায়গা পরিমাপ করে মন্দির কমিটির নিকট জায়গা হস্তান্তর করেন। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামের নাম মুজরাই। এ গ্রামের ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, মুজরাই কালী মন্দিরের জায়গাটি ছিরিয়ারগাঁও গ্রামের আলাল উদ্দিন, জালাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রায় ৩০ বছর ধরে কালী মন্দিরের জায়গাটি দখল করে ধানের হালিচারা ও মরিচ চাষ করে ভোগদখল করে আসছিল। এমতাবস্থায় মুজরাই গ্রামবাসী শুধু হেমন্ত মৌসুমে ২০ ফুট দৈর্ঘ্যরে একটি খোলা ঘরের মধ্যে ধর্মীয় উপাসনার কাজ করতো। শুক্রবার কালী মন্দিরের জায়গা সীমানা নির্ধারনের পর মন্দিরের জায়গার দৈর্ঘ্য হয়েছে ২০০ ফুট আর প্রস্ত হয়েছে ১২৫ ফুট।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মন্দিরের জায়গার সীমানা নির্ধারণ ও মাটি ফেলে ভূমি উঁচু করায় মুজরাই গ্রামবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
মুজরাই গ্রামের আরাধন বর্মন বলেন, আমরা গ্রামবাসী ইউএনও স্যারের নিকট কালী মন্দিরটি সংস্কার ও মাটি দিয়ে উঁচুকরণের জন্য অনুরোধ করেছিলাম। এখন তিনি আমাদের জায়গা পরিমাপ করে মন্দিরের সমুদয় জায়গা সহ সবকিছুই পাইলাম। এখন বর্ষাকালেও আমরা মন্দিরে পূজা করতে পারবো।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, ইউএনও স্যারের নির্দেশ অনুযায়ী সরজমিন তদন্তপূর্বক পরিমাপ করে মুজরাই কালী মন্দির কমিটির নিকট ভূমি হস্তান্তর ও মন্দির উঁচু করার লক্ষ্যে মাটির কাজ শুরু করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, চলতি বছর শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুজরাই গ্রামে মুজিবকিল্লা নির্মাণের জন্য যাওয়া হলে মুজরাই গ্রামবাসী তাদের মন্দিরের ভূমি ফিরিয়ে পাওয়া ও বর্ষা মৌসুমে উপাসনার জন্য মাটি ভরাট করে দেয়ার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধের বিষয়টি আমলে নিয়ে তিনি এমন উদ্যোগ নেন।