শান্তিগঞ্জে ৪ জুয়াড়ি আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়াখেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও আবু বক্কর বাকী।
জানা যায়, অভিযানে আনোয়ারপুর গ্রামের আজাদ মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ নগদ ৯০,৩০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় জগন্নাথপুর থানা এলাকার ইসহাকপুর গ্রামের মৃত তাজ উল্লাহ’র ছেলে মো. আরজু মিয়া (৫২), মো. ছালিক মিয়া (৫৪), একই থানার আহমাদাবাদ গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. মাহমদ আলী (৪৩) ও নবীগঞ্জ থানা এলাকার বুড়নপুর গ্রামের মৃত মুতাহির মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩৯) কে আটক করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, জুয়া খেলার সময় ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।