স্টাফ রিপোর্টার|| নির্বিচারে গাছ কাটা যাবে না, পানি দূষিত করা যাবে না, অতিথি পাখিদের ডিস্টার্ব করা যাবে না। যেখানে সেখানে থেকে পাথর-বালু সংগ্রহ করা যাবে না। মাছের পোনা ধ্বংস করা যাবে না। সর্বোপরি হাওরাঞ্চলের পরিবেশ ধ্বংস করা যাবে না। এসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কাজ করতে হবে।
হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউ-েশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপ পরিচালক মো. মোশাররফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মোস্তফা ইকবাল আল আজাদ, আওয়ামী লীগের প্রতিনিধি অ্যাড. বিমান কান্তি রায় প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


