ধর্মপাশা প্রতিনিধি
এবারই প্রথম ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ সিদ্ধান্তে আগামী ৩ জুন সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনকে সামনে রেখে গত ১৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় এমপি, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সম্মেলনকে সফল করার লক্ষ্যে সদস্য সংগ্রহের পাশাপাশি অন্যান্য কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে সম্মেলন প্রস্তুতি কমিটি। এদিকে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা নিজ নিজ কৌশলে গোপনে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর এনামুল হক এনামকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার অভিযোগে ২০২০ সালের ১৮ জানুয়ারি ধর্মপাশাসহ তিনটি উপজেলা কমিটি বিলুপ্ত করে জেলা কমিটি। তবে এনামুল হক এনামের দাবি, তাদের কমিটি বিলুপ্ত করার ব্যাপারে জেলা কমিটি থেকে সাংগঠনিকভাবে জানানো হয়নি। কমিটি বিলুপ্তের পরের বছর ২ মার্চ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দিয়ে পরবর্তী ২০ দিনের মধ্যে সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতসহ নানা কারণে যথা সময়ে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ বলেন, ধর্মপাশায় এবারই প্রথম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি অত্যন্ত আনন্দের। সম্মেলনকে সফল করতে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে- এমনটিই প্রত্যাশা আমাদের।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, আগের কমিটি বিলুপ্ত করে ধর্মপাশায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে একাধিক কর্মসূচি হয়েছে। আশা করছি সম্মেলনে জেলা ও স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দিতে পারবো।


