প্রতিপক্ষের খুরের আঘাতে কলেজ ছাত্র আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের খুরের আঘাতে ইপ্তি (২৩) নামের এক কলেজ ছাত্র আহত হয়েছে। বুধবার বিকেলে সরমা নদীর উত্তর পাড় গনেশপুর খেয়াঘাট সংলগ্ন যাত্রী ছাউনীতে এ ঘটনা ঘটে। ইপ্তি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে সোমবার ছাতক সরকারী ডিগ্রি কলেজে একই ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সাজিদ আলীর পুত্র আরাফাতের সাথে ইপ্তির কথা কাটাকাটি হয়। স্থানীয়ভাবে বিষয়টি তাৎক্ষণিক নিস্পত্তিও করা হয়। এ ঘটনার জের ধরে বুধবার বিকেলে গনেশপুর খেয়াঘাটের যাত্রী ছাউনীতে প্রতিপক্ষের খুরের আঘাতে ইপ্তি গুরুতর আহত হয়। তাকে আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।