বিশ্বনাথে কাইয়া-কাইড় বাজারের নৈশপ্রহরী খুন

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার কাইয়া-কাইড়বাজারে (নয়াবাজার) ‘আজদর আলী ভুট্টো’ নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুক্রবার দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আজদর আলী ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গন্না গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার কাইয়া-কাইড়বাজারে অস্থায়ী নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে   
জানা গেছে, নিহত আজদর আলী ভুট্টো দীর্ঘদিন ধরে সপরিবারে বিশ্বনাথের কাইয়া-কাইড়বাজারে বসবাস করে আসছেন। শুক্রবার দিবাগত ভোররাতে বাজার মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা মসজিদের অযুখানায় আজদর আলী ভুট্টোর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর ধারণা নৈশপ্রহরী নামাজ পড়ার জন্য অযুখানায় অযু করতে আসলে দুর্বৃত্তরা হয়তো একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আর অতিরিক্ত রক্তকরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তিতে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। তবে নৈশপ্রহরীকে খুনের কারণ জানা যায়নি।
নৈশপ্রহরী আজদর আলী ভুট্টো দুর্বৃত্তদের হামলায় খুন হওয়ার সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক।  
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে।