লন্ডনে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো সুনামগঞ্জ সরকারী সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর যুক্তরাজ্য ভিত্তিক সাপোর্ট গ্রুপের মিলনমেলা। রোববার লন্ডনের বাঙালিপাড়া খ্যাত ইষ্ট লন্ডনের  
হ্যানবারী ষ্ট্রিটের ব্রাডীআর্ট সেন্টারে অনুষ্টিত হয় এই মিলনমেলা। অনুষ্ঠানে যোগ দিতে শত শত মাইল দূরের বিভিন্ন শহর থেকে আসেন বিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ছাত্রী। বাংলাদেশ ত্থেকে ব্যক্তিগত সফরে এসে তরুণ আইনজীবি স্কুলের প্রাক্তন ছাত্রী ভাষা রেহনুমাও যোগ দেন মিলনমেলায়।
দুপুর ১টায় সৈয়দা হোসেনের পবিত্র কোরান পাঠের পর স্কুলের নিয়মের ঘণ্টা বাজিয়ে শুরু হয় অনুষ্ঠানের কাজ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের পর শপথবাক্য পাঠ করান পুনর্মিলনী সাপোর্ট গ্রুপের যুক্তরাজ্য কমিটির আহ্বায়ক সাহেদা বেগম মিনা। কমিটির সদস্য সচিব নার্গিস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সারাদিন ধরে চলে কবিতাপাঠ, স্মৃতিচারণ ও সঙ্গীতানুষ্ঠান।
সঞ্চালক নার্গিস কবির স্বাগতিক বক্তব্যে উপস্থিত অতিথিদের নিকট সতীশ চন্দ্র বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। সুললিত কন্ঠে কবিতা পাঠ করেন সাহেদা বেগম মিনা, নার্গিস কবির ও অ্যানি সুস্মিতা । বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের থেকে গান পরিবেশন করেন,  ফারহানা ইয়াসমিন মুন্নি, মলি, মুন্নি(২) ও সৈয়দা হোসেন, অতিথি শিল্পী ছিলেন, বিলেতের প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী গৌরী চৌধুরী, তাজুদ্দিন আহমদ ফরিদ ও বৃটেনে জন্ম নেয়া, বেড়ে ঊঠা নতুন প্রজন্মের সৌখিন শিল্পি নাহিদ সিদ্দিক। সমাপ্তি পর্বে সকল ছাত্রী মিলে কেক কেটে বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তির শুভ কামনা করেন।