জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধনের   
আয়োজন করে টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সনাক সদস্য ও প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সনাক সদস্য এনামুল হক চৌধুরী, যোগেশ্বর দাশ, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, নারীনেত্রী শিলা রায়, কানিজ সুলতানা, সমাজকর্মী রমেন্দ্র কুমার দে প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এ কারণে দেশে নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার অস্বচ্ছতা, অব্যবস্থপানা ও অনিময়-দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।