সু.খবর ডেস্ক
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আর ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পবে পরীক্ষার্থীদের। এবার নয়টি বোর্ডের অধীনে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। আর গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করে এনেছিল মন্ত্রণালয়টি। কিন্তু মন্ত্রিসভা
বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে গত ২০ অক্টোবর এ প্রক্রিয়া থেকে সরে আসে গণশিক্ষা মন্ত্রণালয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই এ দুটি পরীক্ষার দায়িত্ব চলে আসে।
এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি-জেডিসি পরীক্ষা ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। এ বছর মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১০৭টি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১২৯টি বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয়।


