জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা দরের ১০২ বস্তা চাল একটি রাইসমিল থেকে জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজারের ১০ টাকার চালের ডিলার পয়েন্টের পাশে আঞ্জু মিয়ার মিল থেকে এসব চালের বস্তা আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এসময় ডিলার মোতাসিম বিল্লাহকে ডিলার পয়েন্টে পাওয়া যায়নি। উপজেলা খাদ্য কর্মকর্তা বারবার ফোন করে তাকে (ডিলার মোতাসিম বিল্লাহ) আসার কথা বললেও তিনি ডিলার পয়েন্টে এসে উপস্থিত হননি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব জব্দকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শকের হেফাজতে থাকবে এবং এই ডিলারের চাল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য পরিদর্শক রফিকুল হক।
স্থানীয় লোকজন জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা দরের চাল বিক্রি নিয়ে জামালগঞ্জের রামনগর এলাকাবাসী লিখিত ও মৌখিকভাবে গত এক সপ্তাহে দু’বার খাদ্য পরিদর্শক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছেন। এরই প্রেক্ষিতে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি’র নির্দেশে রামনগর বাজার ডিলার পয়েন্ট পরিদর্শনে আসেন উপজেলা খাদ্য পরিদর্শক রফিকুল হক।
জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল বারী চাল জব্দ করার সময় দৈনিক সুনামগঞ্জের খবরের জামালগঞ্জ অফিস প্রধান আকবর হোসেন, সাংবাদিক শেরে আলম শিরু, আওয়ামী লীগ নেতা রকিব উদ্দিন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মিজানুর রহমান, সাবেক মেম্বার তারা মিয়া এলাকার আতিউর রহমান, হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল হক বলেন, ‘কিছুদিন যাবৎ সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজার ডিলার পয়েন্ট নিয়ে অভিযোগ আসছিল। অভিযোগ পেয়ে আজ বিকালে স্থানীয় ইউপি সদস্য এবং সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনের সময় ডিলার মোতাসিম বিল্লাহ কে পাওয়া যায়নি। ফোনে বারবার আসার জন্য বললেও তিনি ডিলার পয়েন্টে আসেননি। তার ডিলার পয়েন্টের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল পাওয়া যায় স্থানীয় চালের মিলে। এসময় চালের বস্তার হিসাবে গড়মিল থাকার কারণে ১০২ বস্তা চাল জব্দ করা হয়।
- জেলা বিএনপির সম্মেলনের সম্ভাব্য তারিখ ১৯ নভেম্বর একাংশের প্রতিহতের ঘোষণা
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (১)


