ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলাবাজারে কোনো ভাবেই নিরসন হচ্ছে না যানজটের। ফলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ, দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে গুরুত্বপূর্ণ এ রাস্তায় চলাচলকারী অসংখ্য যাত্রীদের। জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে সমান তালে বেড়ে চলেছে ছোট, মাঝারি ও বড় ধরনের যানবাহনের সংখ্যা। ফলে আঞ্চলিক এ মহা সড়কের পাগলাবাজার এলাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
ব্যস্ততম এ সড়কের পাগলা বাজার এলাকায় লেগুনা সিএনজি ও বাসের স্ট্যান্ড হওয়ায় এবং এ এলাকায় যানবাহনের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এধরনের যানজট সৃষ্টি হচ্ছে। তবে সব সময় বাসস্ট্যান্ডের কাছে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ মনে করেন- বিশেষ করে ছোট গাড়ি চালকদের অপরিকল্পত গাড়ি পার্কিংই এ বাজারের যানজটের প্রধান কারণ।
স্থানীয় লোকদের সাথে আলাপ করে জানা যায়, ছয়হারা, জাউয়া বাজারের পর সিএনজি লেগুনার স্ট্যান্ড হচ্ছে পাগলা ও শান্তিগঞ্জ বাজার। পাগলা বাজারে ফুটপাত ও গাড়ি দাঁড়ানোর আলাদা স্থান না থাকায় রাস্তার মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করানোয় ব্যস্ততম এ রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়। প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর এ রাস্তায় যানজট লাগতে দেখা যায়। যার স্থায়িত্ব কোনো কোনো সময় বিশ মিনিট থেকে আধা ঘন্টায় গিয়ে গড়ায়।
এনিয়ে গণমাধ্যমে একাধিকবার সংবাদ ছাপা হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। যেনো কিছুই হচ্ছে না এমন ভাব দেখান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একজন ট্রাফিক পুলিশের চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে এ বাজারে দেওয়া হচ্ছে না ট্রাফিক পুলিশ।
এ ব্যপারে পাগলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসাঈন বলেন,‘ কম বয়সী গাড়ী চালকরা সব সময় রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে যাত্রী উঠা নামা করায়। তার পেছনে আবার আরেকটা এসে রাস্তার ওপাশ আটকে দেয়। এসব নানাবিধ কারণে পাগলায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।’


