স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানের নবম মৃত্যুবাষির্কী আজ মঙ্গলবার। মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে কবি মমিনুল মউজদীনের ‘নির্বাচিত কবিতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হবে।
মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর
ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে আসার পথে বাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানসহ মারা যান। এতে গুরুতর আহত হন বড় ছেলে ফিদেল নাহিয়ান। দেশে-বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর নাহিয়ান সুস্থ হয়ে ওঠেন। এর আগে কবি মমিনুল মউজদীনের প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ হলো,‘এ শহর ছেড়ে পালাব কোথায়’, ও ‘হৃদয় ভাঙ্গার শব্দ’।
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে মমিনুল মউজদীনের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মমিনুল মউজদীন স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


