ভুয়া ফেইসবুক আইডি’র ছড়াছড়ি

বিশেষ প্রতিনিধি
জেলার ১১ উপজেলায় অসংখ্য ফেইসবুক আইডি ও ওয়েভ ফেইজ থেকে বিশিষ্টজনদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং কুৎসা রটানো হচ্ছে। ফেইসবুক ব্যবহারকারীরা বলেছেন, ‘এসব ভুয়া ফেইসবুক আইডি ও পেইজ ব্যবহারকারীদের পেইজে আইডিধারীদের কোন ছবি নেই, মোবাইল নম্বর কিংবা ঠিকানাও নেই।
এসব ভুয়া ফেইসবুক আইডি বা পেইজ থেকে স্ট্যাটাস দিয়ে অনেক সময় মানুষের চরিত্রহননের ঘটনাও ঘটানো হচ্ছে। সম্প্রতি. দোয়ারাবাজারের বাসিন্দা জাউয়াবাজার কলেজের এক শিক্ষার্থীর ছবি ভুয়া আইডি ‘প্রথম আলো’ থেকে আপলোড করে বিকৃতভাবে কুৎসা রটানো হয়। এই ঘটনার পর ঐ শিক্ষার্থী কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা আব্দুস সালাম (ছদ্মনাম) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোয়ারাবাজার থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন। আবেদনের ১৫ দিন পরও পুলিশ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি।
দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাস অবশ্য বলেছেন, ‘এটি ভুয়া ফেইসবুক আইডি, আমরা সনাক্ত করার চেষ্টা করছি’।
কেবল এই ঘটনা নয়। প্রতিদিন অসংখ্য ফেইসবুক আইডি বা পেইজ থেকে অন্যের নামে কুৎসা রটনা, অপপ্রচার এবং সম্মানহানির ঘটনা ঘটানো হচ্ছে। এরা আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরেই থাকছে। প্রথম প্রথম ফেইসবুক আইডিতে ভালো ভালো ছবি দিয়ে এরা পরিচিত হয়। পরে অশ্লিল, কুরুচিপূর্ণ ছবিসহ সম্মানীত মানুষজনকে হেয় করে পোস্ট দিতে থাকে। দৈনিক সুনামগঞ্জের খবরের বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের অনুসন্ধানে ভুয়া ফেইসবুক আইডি ও পেইজ’র নাম উঠে এসেছে।
তাহিরপুর প্রতিনিধি এমএ রাজ্জাক জানান, তাহিরপুরে যেসব ভুয়া আইডি রয়েছে। সেগুলো হচ্ছে- তাহিরপুরের সম্রাট, তাহিরপুরের আলো, ক্রাইম ক্রাইম, পাহাড়ি বন্যা, তাহিরপুর বিডিলাইভ রিপোর্ট, দৈনিক তাহিরপুরের ডাক, দৈনিক বাদাঘাটের সংবাদ, টর্নেডো বার্তা, আনোয়ারপুর বার্তা, দৈনিক শ্রীপুর নিউজ, তাহিরপুর, তাহিরপুর নিউজ, বড়ছড়ার কন্ঠ, তাহিরপুরের গরম খবর, তাহিরপুর সীমান্তের সংবাদ, দৈনিক তাহিরপুরের কণ্ঠস্বর, সিমান্তের কন্ঠ, আমাদের স্বপ্নের বাদাঘাট, তাহিরপুর সীমান্তের সংবাদ, তাহিরপুরের খবর, তাহিরপুরের টপ নিউজ, তাহিরপুর এক্সপ্রেস, বিকাশ ফকির ইত্যাদি।
দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টর অমিত দেব জানান, জগন্নাথপুরের ভুয়া আইডিগুলো হচ্ছে- সত্য বলছি, জমশেদ বলছি, মফিজ, আবিদ ভুইয়া ইত্যাদি।
দিরাই সংবাদদাতা আবু হানিফ জানান, দিরাইয়ের ভুয়া আইডিগুলো হচ্ছে- অন্ধকার জগতের বাসিন্দা, দিবারাত্রী হক কথা, রাজ চৌধুরী, দিরাই-সুনামগঞ্জ, দিরাই-শাল্লা সুনামগঞ্জ, ক্রাইম দিরাই, দিরাই কণ্ঠ, দিরাইয়ের আলো, তালাসটিম দিরাই ইত্যাদি।
সুনামগঞ্জের একাধিক ফেইসবুক ব্যবহারকারীরা জানিয়েছেন, সুনামগঞ্জে ভুয়া ফেইসবুক আইডিগুলো হচ্ছে- স্বপ্নের সন্ধানে, ইয়ন ঈশতিয়াক, সত্য প্রকাশ, ফারুক আহমদ সুজন, দুর্নীতি দমন ইত্যাদি।
দোয়ারাবাজার প্রতিনিধি আসিক মিয়া জানান, দোয়ারাবাজারে ভুয়া আইডিগুলো হলো- প্রথম আলো, বোগলা বাজারের খবর, মহব্বতপুর বাজার খবর, দৈনিক সুনামগঞ্জের খবর, রিপা দাস, সব খবর ডটকম, ইচ্ছেঘুড়ি, পদ্মনদীর মাঝি, কষ্টে ভরা জীবন, ভূমি ও রাজকুমার, ক্ষুদ্র লেখক ইত্যাদি।
ধর্মপাশা প্রতিনিধি এনামুল হক জানান, ধর্মপাশায় ভুয়া ফেইসবুক আইডি হচ্ছে বিকাশ ফকির, গোলকপুরবাসী ইত্যাদি।
দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার বলেন,‘দক্ষিণ সুনামগঞ্জের ভুয়া আইডিগুলো হচ্ছে- দৈনিক দক্ষিণ সুনামগঞ্জের খবর, শান্তিগঞ্জ উপজেলা খবর, উচ্চস্বর, সপ্তবাক্য, সত্যবালক, সত্যবাবা ইত্যাদি।
ফেইসবুক ব্যবহারকারীরা জানান, ভুয়া ফেইসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের স্ট্যাটাস দেখে ধারণা পাওয়া যায় ব্যবহারকারী কোন এলাকার হতে পারে। আবার এই ধারণা সঠিক নাও হতে পারে বলে জানান আরও কিছু ফেইসবুক ব্যবহারকারী।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘জাউয়া বাজারের শিক্ষার্থীকে নিয়ে ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দেবার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে স্ট্যাটাস দাতাকে সনাক্ত করার। সিলেট বিভাগে ভুয়া আইডি বা সাইবার সনাক্তকরণের ব্যবস্থা নেই। অভিযোগ হলে সিআইডি-ঢাকা অথবা র‌্যাব’এর সদর দপ্তরে পাঠাতে হয়’।