আকবর হোসেন, জামালগঞ্জ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দলীয় একক প্রার্থী নিয়ে এমপি মোয়াজ্জেম হোসেন রতন সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে জটিলতা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সমর্থিত নেতাকর্মী ও প্রার্থীরা বৈঠক করলেও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসিরুল হক আফিন্দি, দলীয় নেতা সায়েম পাঠান, সাংবাদিক বিন্দু তালুকদার, কল্যাণব্রত তালুকদার সকলেই তাদের নিজেদের প্রার্থীতার কথা উল্লেখ করে নিজেদের পক্ষে বক্তব্য তুলে ধরেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রার্থীদেরকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একক প্রার্থী করার কথা বলা হলেও তারা সমঝোতায় পৌঁছতে পারেন নি। একক প্রার্থী বাছাই না হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে দলীয় নেতারা স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কাছে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান, মোবারক আলী তালুকদার, জহিরুল হক, আসাদ আল আজাদ, আবুল আজাদ, আবুল খয়ের, গোলাম জিলানী আফিন্দি রাজু, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


