ছাতক প্রতিনিধি
ছাতকে চোরাই সিএনজি-ফোরষ্ট্রোকসহ দু’চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজার থেকে একটি সিএনজিসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বারহাল গ্রামের মৃত রিয়াজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আইলকেয়ারী গ্রামের হোসেন আলীর পুত্র জামিল আহমদ। আটককৃত সিএনজির মালিক সিলেটের লেঙ্গুরা গ্রামের ফুরকান আলীর পুত্র জালাল উদ্দিন। গত ২৯ নভেম্বর জালাল উদ্দিনের বাড়ি থেকে তার সিএনজিটি চুরি হয়ে যায়। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে গোয়াইঘাট থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ানঘাট থানার এসআই রফিকুল ইসলাম ছাতকের জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মিয়া ও এএসআই সমিরন দে’র সহযোগিতায় শুক্রবার ধারনবাজার থেকে চোরাই সিএনজি-ফোরষ্ট্রোকসহ জাহাঙ্গীর আলম ও জামিল আহমদকে আটক করেন।

