স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে পাঁচটি মুর্তি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সেবাইত মানিক লাল দাস ঘটনার পরদিন রবিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের মনীন্দ্র দাসের ছেলে শৈলেন দাস ও আব্দুল কাইয়ুমের দুই ছেলে আবু তালিব ও আবু শহীদকে।
মামলায় উল্লেখ করা হয়, মন্দিরের ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে মানিক লাল দাস ও অভিযুক্ত শৈলেন দাস, আবু তালিব, আবু শহীদের মধ্যে। অভিযোগ উল্লেখ করা হয়, ঘটনার আগে দিন মানিক লাল দাসকে বেলা ১১ টায় গ্রামের রিকশা চালক সোহেল মিয়া জানায়, অভিযুক্তরা বলাবলি করছে লোকনাথ মন্দিরে জবাইকৃত গরুর মাথা রেখে মন্দিরের পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করবে। এবং এদিন রাতেই মন্দিরের বারান্দায় থাকা ৫টি মুর্তি ভাঙা পাওয়া যায়।
তবে এই ঘটনার সাথে জড়িত নয় দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শৈলেন দাস ও আবু তালিব। শৈলেন দাস ঘটনার দিন গণমাধ্যমকে বলেন,‘আমি এই মন্দিরের জন্য ১০ শতক জমি দিয়েছি। আমি মন্দিরকে শ্রদ্ধা ও ভক্তি করি। আমি ও আমার পরিবারের কেউ এই ঘটনার সাথে জড়িত নই।’
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ভোররাতে দুর্বৃত্তরা পাগলা ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে পাঁচটি মুর্তি ভাংচুর করে। পুলিশের ধারণা ওই মন্দিরের ভূমি বিরোধকে কেন্দ্র করেই প্রতিমা ভাংচুরের ঘটনা হতে পারে। ঘটনার পরদিন রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর সার্কেল সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ও জেলা-উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
- ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
- ইউজেডজিপি প্রকল্পে সুনামগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে -জেলা প্রশাসক


