কুমার সৌরভ
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনবসত গ্রামের আলখাছ আলীর পুত্র শুকুর আলী পাকিস্তান আমলেই মোজাহিদ ও আনসার প্রশিক্ষণ নিয়েছিলেন। ১৯৬৫ সনের পাক-ভারত যুদ্ধের সময় তিনি তামাবিল বর্ডারে মোতায়েনও হয়েছিলেন। সেই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা পরে কাজে লেগেছিল স্বভূমিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির জন্য জাতির মুক্তিসংগ্রামে। একেবারে শুরু থেকেই প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছিল যে দামাল মুক্তিসেনার দল শুকুর আলী ত াঁদেরই এক অমৃত সন্তান। এই মুক্তিযোদ্ধার যুদ্ধ জীবনের স্মৃতি জানতেই তাঁর সাথে আলোচনায় মিলিত হয়েছিলাম ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখের সন্ধ্যায়। কি জানা গেল তাঁর মুখ থেকে আসুন সে কথাই শোনা যাক।
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধ ঘোষণার আগেই সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষ করে হুসেন বখতের নেতৃত্বে ট্রেজারি থেকে ৫০ টি রাইফেল ও গুলির বাক্স হস্তগত করে আনসার মোজাহিদরা। নূরুজ আলী, মালদার আলী, আশ্রব আলী, বোরহান, তারা মিয়া, শুকুর আলী প্রমুখের মধ্যে বণ্টন করে দেওয়া হয় অস্ত্রাদি। অস্ত্রপ্রাপ্ত আনসার-মোজাহিদ দলের অঘোষিত কমান্ডার ছিলেন আশ্রব আলী। অস্ত্রপ্রাপ্ত দলটি আশ্রয় নেয় শহরের এইচএমপি হাই স্কৃুলে।
২৮ মার্চের প্রথম প্রতিরোধ যুদ্ধে শুকুর আলী, আবুল হোসেন, তারা মিয়া প্রথমে অবস্থান নেন জুবিলী স্কুলের পূর্ব কোণে। ওই জায়গাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা চলে আসলেন সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কৃলের একটি রুমে ঢুকে পজিশন নিলেন তারা। আবুল হোসেন একটি জানালায় শুকুর আলী আরেক জানালা থেকে সার্কিট হাউসের দিকে রাইফেল তাক করে পজিসন নিয়েছেন। তারা মিয়া মেঝেতে বসে সিগারেট ধরিয়েছেন একটি। এমন সময়েই আবুল হোসেনের মাথায় গুলি এসে লাগে। পাক বাহিনি জানালার কাছে পজিশন নেয়া আবুল হোসেনকে দেখে ফেলে। টার্গেট করেই গুলি। ছিটকে পড়েন আবুল হোসেন। তাৎক্ষণিক শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। ঠেলাগাড়ি সংগ্রহ করে তাঁর মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়া হলো। শুকুর আলী ও তারা মিয়া স্কুলের পজিশনে থেকেই গুলাগুলি অব্যাহত রাখেন। ২৮ মার্চের রাতে পাক বাহিনি শহর ছেড়ে পালায়।
পাক আর্মি শহর ছেড়ে পালানোর পর রাজনৈতিক নেতৃবৃন্দ আনসার-মোজাহিদদের ক্যাম্প এইচএমপি স্কুল থেকে পিটিআই স্কুলে স্থানান্তর করেন। তখন সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা ফেরিঘাট পর্যন্ত তারা ডিউটি করতেন যাতে কোন শত্রু শহরে প্রবেশ না করতে পারে। পালাক্রমে ২৪ ঘণ্টা ডিউটি করতে থাকেন পিটিআই-এ অবস্থানরত মুক্তিসেনারা।
এপ্রিলের শেষ দিকে শহরে একদিন পাক বাহিনি বিমান আক্রমণ পরিচালনা করে। বিমান থেকে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। কেজাউড়ায় এক ব্যক্তি নিহত হন সে দিন। মিনিট দশেকের ওই বিমান আক্রমণে জনমনে ব্যাপক আতংক নেমে আসে। যারা শহর ছেড়ে পালাননি তাদের অনেকেই তখন শহর ছাড়তে শুরু করলেন। বিমান আক্রমণের পর বেশ কিছু দিন চুপচাপ । একটি আসন্ন ঝরের আগে থমকে থাকা পরিবেশ যেরকম থাকে তেমনই ছিল এই ক’দিন। মে মাসের প্রথম সপ্তাহে পাক বাহিনি দ্বিতীয় বারের মতো শহরে প্রবেশ করে। পূর্ণ শক্তি নিয়ে। হিং¯্র উন্মত্ত মানসিকতা নিয়ে শহর দখল করে নেয় তারা।
পাক বাহিনির শহরে প্রবেশের খবর পেয়েই পিটিআই-এ অবস্থানরত মুক্তিযোদ্ধারা শহর ছেড়ে দেন। শুকুর আলীরা চলে আসলেন আমবাড়ি বাজারে। তারা সে সময় সংখ্যায় ৫০ থেকে ত্রিশে নেমে এসেছিলেন। এসময় আমবাড়ি আসলেন হরিনাপাটির ছাত্রনেতা শহীদ চৌধুরী। আমবাড়ি বাজারের পশ্চিমের হাইস্কুলে অবস্থান নেন তাঁরা। দোয়ারাবাজারের নরসিংপুর গ্রামের কবির আহমদকে ওই দলের নেতা নির্বাচন করা হয়। তিনি আর্মির লোক ছিলেন। কথা বলতে বলতে এসময় শুকুর আলীর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে। বলছিলেন, আমাদেও ৩০ জনের সেই দলের ৩ জন আর ফিরে আসেন নি। তাঁরা যুদ্ধে শহীদ হয়ে দেশের প্রতি নিজেদের ঋণ শোধ করেছেন। নাম জানতে চাইলাম এই তিন শহীদের। শুকুর আলী বললেন, মোখলেছ (আপ্তাবনগর), চান্দ আলী (হাছননগর) ও সুরুজ আলী (হাছননগর)। এই তিন সঙ্গীর কথা মনে হলে শুকুর আলী এখনও নিরবে অশ্রপাত করেন।
জ্যেষ্ঠ মাসে পাঞ্জাবী আমবাড়িবাজার আক্রমণ করে। শুকুর আলী বললেন। আমবাড়ি হাইস্কুলে অবস্থান নেয়া দলটি এই খবর আগেই জেনে গিয়েছিল। নদী পেরিয়ে দলটি হরিনাপাটি গ্রামে চলে গেল। সেখান থেকে ভারতীয় সীমান্তবর্তী কাঠালবাড়িতে এই দলটি ক্যাম্প স্থাপন করেন। কবির আহমদই কমান্ডার বহাল রইলেন।
এসময় আরও লোক আসতে লাগল। ইপিআরের কিছু লোকও এসে যোগ দিল । এসময় পাক আর্মির বেঙ্গল রেজিমেন্টের সৈনিক মাইনুদ্দীন (মোল্লাপাড়া, দোয়ারাবাজার) এসে যোগ দিলেন দলে।
(চলবে)
- শিক্ষাব্যয় বৃদ্ধি- প্রাথমিক শিক্ষায় বিরূপ হতে পারে
- জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের ৩য় বর্ষপূর্তি উৎসব


