জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর অফিস
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন। তিনি ফুটবল প্রতীকে ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান বাজার সেক্রেটারী         দিলোয়ার হোসেন আনারস প্রতীকে ৪০১  ভোট পেয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুনেদ আহমদ ভূঁইয়া। তিনি মাছ প্রতীকে ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন মিয়া বাইসাইকেল প্রতীকে ৩৮৪ ভোট পেয়েছেন।  সকাল ৯টা থেকে বিকাল ৪ পর্যন্ত একটানা ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১০৮৬ জন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ডাঃ আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন ও প্রণব বণিক। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভা কর্মকর্তা আব্দুস সালাম সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া। জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ বলেন, জগন্নাথপুর পৌরসভার প্রধান বাজার জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তিনি জগন্নাথপুর বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।