সুস্বাস্থ্যের জন্য বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে হবে -ড. আজগার আলী

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ফসলের জাতসমূহের উৎপাদন, সম্প্রসারণ এবং বিষমুক্ত উদ্যান ফসলের চাষাবাদ কৌশল বিষয়ে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মিউট্রেশন ও আধুনিক কলাকৌশল ব্যবহার করে উদ্যানতাত্ত্বিক ফসলের নতুন জাত ও ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন কর্মসূচির অর্থায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে জেলার ১১ উপজেলার প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও বিনা ময়মনসিংহ এর উদ্যানতত্ত্ব বিভাগের এসও মো. নুরুন-নবীর মজুমদারের পরিচালনায় প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর প্রশাসনিক         ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. আজগার আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. আজগার আলী সরকার বলেন, ‘ফসলী জমিতে বিষ প্রয়োগের ফলে আমরা সবাই নিজের অজান্তে বিষ খাচ্ছি। ফসলে বিষ দেয়ার কারণে কীট-পতঙ্গ মরছে, প্রকৃতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীব-বৈচিত্র ধ্বংস হচ্ছে। নিজের ও দেশবাসীর সবার নিরাপদ খাদ্যের জন্য বিষমুক্ত সবজি উৎপাদন করতে হবে। জমিতে যতটুকু সম্ভব বিষ প্রয়োগ কমাতে হবে। তাহলে আমরা সবাই বিষমুক্ত সবজি পাব এবং সবার সু-স্বাস্থ্য নিশ্চিত হবে।’
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়সনসিংহ এর কীটতত্ত্ব বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের এসএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালাহউদ্দিন টিপু।