অবশেষে জামালগঞ্জ হাসপাতালে কাজ শুরু করেছেন উধাও হওয়া ঠিকাদার

আকবর হোসেন, জামালগঞ্জ
অবশেষে জামালগঞ্জ হাসপাতালে সংস্কার কাজ শুরু করেছেন উধাও হয়ে যাওয়া ঠিকাদার। জামালগঞ্জ হাসপাতালে কাজ না করেই ঠিকাদার উধাও শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে  সংবাদ ও সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হবার পর ঠিকাদারী প্রতিষ্ঠান নর্থ সুরমা ও স্বাস্থ্য বিভাগের টনক নড়ে। এরপর থেকেই জামালগঞ্জের হাসপাতালের    দায়িত্বরত কর্মকর্তা ও অফিস ষ্টাফদের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করার জন্য মনোনিবেশ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ঠিকাদার প্রতিষ্ঠান সিলেটের জিন্দাবাজার এলাকার নর্থ সুরমার পক্ষ থেকে লোকজন হাসপাতালে এসে সরেজমিনে দেখে যান ও কাজ শুরু করার সিদ্ধান্ত নেন । গত রবিবার থেকে হাসপাতালের সংস্কার কাজ শুরু হয়েছে।
জামালগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, ‘জামালগঞ্জ হাসপাতালের সংস্কার কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সিলেটের জিন্দাবাজার এলাকার নর্থ সুরমার প্রতিনিধিরা গেল রবিবার থেকে হাসপাতালের সংস্কার কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরামত,স্যানিটেশন  ও রিপিয়ারিংয়ের জন্য ১৩ লক্ষ ৬২ হাজার ২ শত ৩৫ টাকা কার্যাদেশ প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম। বিগত বছরের ৩ মে সিলেটের জিন্দাবাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান নর্থ সুরমা ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৮ দিনের সীমানা বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশ প্রদান করেছিলেন। জামালগঞ্জ হাসপাতালে কাজ না করেই ঠিকাদার উধাও হয়েছিলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে কাজের চলতি বিল উঠানোরও খবর পাওয়া গেছে। এই নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনামগঞ্জের সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাকে লিখিত ভাবেও জানিয়েছিলেন।