ফ্রিল্যান্সারদের মিটআপ সেশন- ‘আমরা কাজের পিছনে দৌঁড়াবো না, কাজ আমাদের পিছনে দৌঁড়াবে’

স্টাফ রিপোর্টার
‘আমাদের কোর্স এখন শেষ পর্যায়ে। আমরা সবাই অবশ্যই ভালো ভালো ডিজাইন করবো। আমরা কাজের পিছনে দৌঁড়াবো না, কাজ আমাদের পিছনে দৌঁড়াবে, এটাই আমাদের লক্ষ্য। যার প্রমাণ আমি অলরেডি পেয়ে গেছি। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের ক্যালেন্ডার এবং স্যারের ভিজিটিং কার্ডের ডিজাইন করেছি। স্যার দেখে খুশি হয়ে বলেছেন বাইরের দোকানের চেয়ে অনেক ভালো হয়েছে। আর্নিং এন্ড লার্নিং কোর্স করায় ঘরে বসেই এখন আমরা আয় করতে পারবো। চেষ্টা করলে মার্কেট প্লেসেও ভালো করবো।’
বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় ‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার মিটআপ সেশনে এসব কথা বলেন গ্রাফিক্স ১ ব্যাচের রাজিয়া সুলতানা। শুধু তিনিই নন ‘আমরাই পারি আমরাই পারবো    আত্মবিশ্বাস নিয়ে’ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন বিভিন্ন ব্যাচের আরিফুল হক, পেয়ার আহমদ, দেলোয়ার হোসেন, আফজাল আহমদ, শাখওয়াত হোসেন, শিউলি আক্তার, জেবুন নাহার, টুম্পা বনিক, শাহ আলম, ফাহাদ আলম, শারমিন আক্তার, আলফা হক ইতি প্রমুখ।
দুপুর সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মিটআপ সেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লার্নিং এন্ড আর্নিং ডেভলাপমেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর সাজ্জাদুর রহমান পলিন এবং পরিচালনা করেন অন্তরা ক্রিসেনথিমাম। মিট আপ সেশনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সুনামগঞ্জের খবর।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোশারফ আলম মুসা, জুনায়েদ আহমদ সুজন, রায়হানা জাহান লিমা, আকিক মিয়া, সাবরিনা আক্তার এবং ৬টি গ্রুপের প্রশিক্ষণার্থীরা।
উদ্বোধনের পর থিম সং ‘নতুন যুগের ¯্রােতে, ডিজিটাল নৌকার পাল তুলে’ এবং প্রশিক্ষণের উপর একটি নির্মিত তথ্যচিত্রের ট্রেলার দেখানো হয়।
বর্তমান ফ্রিল্যান্সিং আলোচনায় প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘এখন প্রতিটি ইউনিয়নে তথ্য প্রযুক্তির সকল উপকরণ আছে, উদ্যোক্তা আছেন। আমরা এখন তথ্য প্রযুক্তির আবহাওয়ার মধ্যে বসবাস করছি। জেলা, উপজেলা, ইউনিয়ন পোর্টাল রয়েছে আমাদের। একসাথে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ হাজার পোর্টাল উদ্বোধন করে বেকর্ড সৃষ্টি করেছেন। দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। অনেকে দেশই আমাদের এখন অনুসরণ করে। তবে তথ্য প্রযুক্তির বিকাশে আরও সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে জেলা পরিষদ ও বিভিন্ন এনজিও কাজ করতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগকারী বিশ্বের কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ সমাজ আছে। যে কোন উন্নয়ন কাজ করতে তাদের অংশগ্রহণ অনিবার্য।
তিনি বলেন,‘লেখাপড়া শিখেছি, চাকরি দেন এটা বলা যাবে না। সরকার সবাইকে চাকরি দিতে পারবে না। এটা সম্ভবও নয়। নিজেদের স্বাবলম্বী করতে হবে। নিজের মেধাকে কাজে লাগাতে হবে। আমরা চাকরি খুঁজব না, চাকরি দেব মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণ নিয়ে যারা উপকৃত হয়েছেন তাদের সাফল্যের গল্প অন্যদের জানাতে হবে। তাহলে অন্যরাও উদ্বুদ্ধ হবে। ’
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে বলেন, ‘আমি পলিনকে বলেছি সফল ফ্রিল্যান্সারদের নিয়ে স্টোরি দিলে আমরা ছাপবো। অন্যরাও এতে আগ্রহী হবে।’  
প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান বলেন, ‘ভাল লাগলো তরুণদের সাকসেস স্টোরি শুনে। এগুলো অন্যদেরও অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর সাজ্জাদুর রহমান পলিন সকল প্রশিক্ষণার্থীর প্রথম আয় থেকে সুনামগঞ্জ অটিস্টিক স্কুেল সহায়তা করার আহবান জানান এবং পাবলিক লাইব্রেরির ওয়েব সাইট তৈরি থেকে প্রাপ্ত অর্থ তিনি অটিস্টিক স্কুলে দেয়ার ঘোষণা দেন।   
দুপুর ২টা থেকে মিটআপ সেশনের দ্বিতীয় পর্বে ছয়টি ব্যাচের নতুন ফ্রিল্যান্সাররা গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ওয়েব ডেভলোপমেন্ট ১ ব্যাচের প্রশিক্ষণার্থীরা তৈরি করেন ট্রি প্লান্টেশন এবং অ্যামাজন মিউজিক সাইট, ওয়েব ডেভলোপমেন্ট ২ ব্যাচের প্রশিক্ষণার্থীরা স্টুডেন্ট, বিদ্যালয় এবং ওয়েব ডেইরি ফার্মের ওয়েব সাইট তৈরি করেন।
গ্রাফিক্স ১ ব্যাচের প্রশিক্ষণার্থীরা তৈরি করেন বিগত ৫০ দিন ক্লাসের উপর তথ্য চিত্র এবং দলগত দেশাত্ববোধক গান, গ্রাফিক্স ২ ব্যাচের প্রশিক্ষণার্থীরা ‘প্রশিক্ষণ নিয়ে সাফল্যের গল্প শুনান’ গ্রাফিক্স ২ ব্যাচের প্রশিক্ষণার্থীরা আর্নিং এন্ড লার্নিং প্রকল্পের উপর নাটক পরিবেশন করেন।
ছিল ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং ম্যাজিক, কবিতা, গান, ফান গ্যাম মিউজিক বল।