ছাতকে কাবিখা’র প্রকল্প বরাদ্দ নিয়ে চেয়ারম্যান-মেম্বারের মারামারি

ছাতক প্রতিনিধি
ছাতকে কাবিখা’র প্রকল্প বরাদ্দ নিয়ে ইউপি চেয়ারম্যান ও এক সদস্যের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান-মেম্বারের এ অপ্রীতিকর ঘটনা নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত জেলা পরিষদ নির্বাচনে পক্ষে-বিপক্ষ সমর্থন নিয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সাথে ৫ নং ওয়ার্ডের মেম্বার ও ভুঁইগাঁও গ্রামের বাসিন্দা আজিজুর রহমান গেদা মিয়ার চাপা বিরোধ চলে আসছিল। সকালে পরিষদ কার্যালয়ে কাবিখা’র বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সাথে বাক-বিতন্ডা হয় মেম্বার আজিজুর রহমান গেদা মিয়ার। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনীত প্রার্থীকে ভোট না দেয়ায় ৫ নং ওয়ার্ডে  কাবিখা’র বরাদ্দকৃত প্রজেক্ট মেম্বার আজিজুর রহমান গেদা মিয়ার অনুকূলে দেয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে চেয়ারম্যান-মেম্বারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতা-হাতি, মারামারি ও হট্টগোলের সৃষ্টি হয়।
মেম্বার আজিজুর রহমান গেদা মিয়া জানান, জেলা পরিষদ নির্বাচনে তার কথা না শোনায় আমাকে অধিকার থেকে বঞ্চিত রাখতে চান চেয়ারম্যান।       
তার ওয়ার্ডের কাজ তাকে না দিয়ে বা সমন্বয় না করে মহিলা মেম্বারকে কাবিখা’র প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল মছব্বির ক্ষুদ্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, জেলা পরিষদ নির্বাচনী বিরোধের জেরে কিছু কথাবার্তা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি নিস্পত্তি হয়েছে।