জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের একটি বাসায় হামলা চালিয়ে মুখোশধারী ডাকাতরা দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে।
জানা গেছে, উপজেলা পরিষদ রোডের আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সন্নিকটে যুক্তরাজ্য প্রবাসি গোলাম রব্বানী ভ্ূঁইয়ার বাড়িতে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত পেছনের
গেইট দিয়ে ঢুকে এলোপাতাড়ি কুপানো শুরু করে। এতে গোলাম রব্বানীর শাশুড়ী জাহেরা খাতুন (৬৫) ও শ্যালক নাসির মিয়া (৩৮) গুরুতর আহত হন। বাড়িতে থাকা তার স্ত্রী সামনের দরজা দিয়ে বের হয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত জাহেরা খাতুন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
পরিবারের লোকজন ও স্বজনরা জানান, শারীরিক চিকিৎসার জন্য বছর খানেক আগ থেকে গোলাম রব্বানী ভূঁইয়া সন্তানদের সাথে লন্ডনে রয়েছেন। দেশে রয়েছেন তার স্ত্রী। তাকে দেখতে তার ভাই স্ত্রী নিয়ে ওই বাসায় থাকেন। ঘটনার সময় অজ্ঞাতনামা ডাকাতরা মুখে বেঁধে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপানো শুরু করে। গৃহকর্তার স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার এস.আই সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে।


