শোককে শক্তিতে পরিণত করতে হবে -ড. সাদিক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে     
প্রতিক্রিয়ায় লিখেছেন,‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান’।
ড. মোহাম্মদ সাদিক লিখেছেন- উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জের সংগ্রামী সন্তান সুরঞ্জিত সেন গুপ্ত আমাদের সংবিধান প্রণেতাদের একজন। আমি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের সংবিধান রচনায় উজ্জ্বল অধ্যায়ে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমি ড. মিসেস জয়া সেন গুপ্তকে বলেছি, এমন শোকের সান্তনা দেবার কোন শব্দ আমার জানা নেই। শোককে শক্তিতে পরিণত করতে হবে।