বিশেষ প্রতিনিধি
সদর উপজেলায়ও এককভাবে দলীয় প্রার্থী দিতে পারেনি আওয়ামী লীগ। উপজেলার ৬ ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কোন কোন বিদ্রোহী প্রার্থী জোরে- শোরে প্রচারণাও শুরু করেছেন। বিদ্রোহীদের অনেকেই বলেছেন,‘দলের চাপে প্রার্থীতা প্রত্যাহারের আর কোন সুযোগ নেই’। এই উপজেলায় নির্বাচন হবে চতুর্থ ধাপে ৭ মে।
শহরতলির সুরমা ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সম্প্রতি দলীয় কোন্দল চাঙাকালে (জেলা সম্মেলনের আগে) একাংশের সভাপতি দাবিদার সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে দলের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার ডিলার।
সরকারি সংস্থাগুলোর রিপোর্টে ইতিপূর্বে বলা হয়েছে এই ইউনিয়নে বিএনপির ভোটার বেশি, আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হলে দলীয় একক প্রার্থী নিশ্চিত করতে হবে।
কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা বলেছেন, ‘দলীয় কোন চাপে আমার আর বসার সুযোগ নেই। আমাকে ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের ভোটাররা এককভাবে প্রার্থী ঘোষণা করেছেন। আমি আশা করছি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা আমাকেই ভোট দেবেন, একই সঙ্গে অন্য ওয়ার্ডেও আমি ভাল ভোট পাব, ইনশাল্লাহ্ আমি নির্বাচিত হব’।
দলীয় মনোনীত প্রার্থী মো. আব্দুস ছাত্তার ডিলার বলেন,‘আমি জেলা সভাপতি মতিউর সাহেব, সাবেক সাধারণ সম্পাদক মুকুট সাহেব, সদর উপজেলার সভাপতি কালাম সাহেব, সাধারণ সম্পাদক মোবারক সাহেবকে বিষয়টি জানিয়েছি, তারা বলেছেন দলের সিদ্ধান্ত দলীয় কোন নেতা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল কাদির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আব্দুল কাদির বলেন,‘দলীয় চাপে প্রার্থীতা প্রত্যাহারের কোন সুযোগ নেই আমার, আমি ইনশাল্লাহ্ বিজয়ী হবো, আমি ইউনিয়নে নতুন ভবন করেছি, ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়ক সেতু আমার সময় কালেই হয়েছে, ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কোন প্রার্থী না থাকায় আমার সুবিধা হয়েছে’।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুকশেদ আলী বলেন,‘আব্দুল কাদির প্রার্থী থাকলে আমার কিছু সমস্যা হবে, দলীয় নেতারা বিষয়টি জানেন, তারা কী করবেন, তারাই জানেন’।
কাঠইড় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান লুৎফুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। লুৎফুর রহমান বলেন,‘দলের চাপে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ আমার নেই, আমি দলীয় মনোনয়ন চেয়েছি, পাইনি। পরে এলাকাবাসীর চাপে আমি প্রার্থী হয়েছি’। এই ইউনিয়নে আব্দুল মতিন নামের আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
রঙ্গারচর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহিউদ্দিন নামের এক স্থানীয় নেতা।
মহিউদ্দিন বলেছেন,‘দল থেকে আমাকে বহিস্কার করলেও আমি প্রার্থী থাকবো’।
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন,‘মহিউদ্দিন দলের কোন পর্যায়ের কোন দায়িত্বে নেই, তার প্রার্থীতায় দলীয় ভোটাররা বিভ্রান্ত হবেন না’।
কোরবাননগর ইউনিয়নে রীতিমত দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ গণমাধ্যমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও সরবরাহ করছেন বিদ্রোহীরা।
এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামছউদ্দিন দলীয় নেত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুনের সঙ্গে মঙ্গলবার দেখা করে দলীয় মনোনীত প্রার্থী কোহিনুর আলমের বিরুদ্ধে নালিশ করেছেন এবং তার (কোহিনুর আলমের) ২০১১ সালের দুটি ফেইসবুক স্ট্যাটাস দেখিয়েছেন।
২০১১ সালের ৯ নভেম্বর কোহিনুর আলমের একটি ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ রয়েছে ‘বাংলাদেশটা কি সন্ত্রাস, ছিনতাইকারীদের স্বর্গরাজ্য’ ও ‘আমার জীবনের প্রথম প্রবাসের রোজির টাকা ছিনতাইকারীরা নিয়া গেল, সুশীল সমাজ কি মারা গেছেন? আর যদি বেচে থাকেন তাহলে সন্ত্রাস, ছিনতাইকারী ও খুনি সরকারের উপযুক্ত জবাব দেন….।’ অ্যাড. সাহারা খাতুনকে নিয়ে ঐ স্ট্যাটাসে কটু মন্তব্য রয়েছে।
২০১১ সালের ১৮ ডিসেম্বরে তার আরেকটি ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ রয়েছে,‘তত্বাবধায় সরকার আইন বাতিল করলেন, এখন জেলা পরিষদ নিয়োগ দিলেন, নতুন প্রজন্ম কি শিখবে?
এই দুটি স্ট্যাটাস অ্যাড. সাহারা খাতুন এবং কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের একজন সদস্যকে মঙ্গলবার দেখিয়ে কোহিনুর আলমের দলীয় মনোনয়ন বাতিলের দাবি করেছেন বিদ্রোহী প্রার্থী শামছউদ্দিন।
শামছউদ্দিন বলেন, ‘দলের ক্রান্তিকালে যারা দলের বিরুদ্ধে কথা বলে, স্ট্যাটাস দেয়, তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হলে আমরা মানবো কেন?’
দলীয় মনোনীত প্রার্থী কোহিনুর আলম বলেন,‘আমার ফেইসবুক হ্যাক করে দলের এবং দলের নেতাদের বিষয়ে কটু মন্তব্য করা হয়েছে। যারা করছে, এরা কেবল দলের বিদ্রোহীরা নয়, তাদের সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধীরাও। সবই নৌকা ঠেকানোর ষড়যন্ত্র। দলীয় নেতাকর্মীরা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বলেই বিশ্বাস করি আমি, দলীয় সকলকে আমি দলের শৃঙ্খলা রক্ষারও অনুরোধ জানাই, এবার আমাকে দল মনোনয়ন দিয়েছে, পরের বছর অন্যজনকেও দিতে পারে, দলের প্রার্থীর বিরোধিতা করলে দল দুর্বল হবে এবং বিরোধীপক্ষ লাভবান হবে। আমি শুনেছি ষড়যন্ত্রকারীরা এই নিয়ে আদালতে মামলা করতে গিয়ে সফল হয়নি।’
এই ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী এভাবে মুখোমুখি অবস্থান নিলেও ইতিপূর্বে দেওয়া সরকারি সংস্থার রিপোর্টে এখানে বিএনপি-জামায়াতের ভোট বেশি উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে একক প্রার্থী দেবার কথা উল্লেখ ছিল।
এই প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘বিদ্রোহী প্রার্থীর বিষয়ে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে’।


