স্বপন কুমার রায়
আশায় বেঁধে রাখি বুক
আগামীর পৃথিবীটা আমাদের হবে
হেমন্তের ফসলে ভরেছে তোমার গোলা
আমরাই করেছি রোপণ শৈশব চারাগাছ
কালবোশেখি ধারণ করতে হবে বুকে-জেনেও।
সেই কবে চারা বয়সে মনের ভিতর
স্বপ্ন গেছেন গেঁথে-একজন কমরেড
সেই থেকে বরুণ রায় বলতে আগামীকেই বুঝি।
ইটের ভাটায় যতই শহিদ হই-সংগ্রামী মৃত্তিকা
চতুষ্কোণ এই পোড়া বক্ষের পরেই হবে আগামীর বিনির্মাণ।
তোমার স্বপ্নটুকু দাও,ঘুড়ি বানাই।
আশায় বেঁধে আছি বুক
পুনর্জন্ম নেবে নজরুল
বিদ্রোহ শেষে পুনরায় ক্ষুদিরাম গলায় তুলবে ফাঁসি
ছেউরির লালন আখরায় বসে রবি ঠাকুর
লিখবে মানব মুক্তির গান।
জীবনানন্দ শালিক কণ্ঠে ডাকলেই
মুখ তুলে চাইবে বনলতা।
আশায় বেঁধে আছি বুক
নিকট আগামী আমাদের-ই হবে
পাঁজরের যে পাশটাতে অন্ধকার
সে পাশটাতে আলো জ্বালানো অর্থহীন
হৃদপিন্ডে আলোক জ্বেলে বাইরে এসো
¯্রােতস্বিনী সুরমার দিব্যি
আশু আগামী শুধুই আমাদের হবে।


