শেখ একেএম জাকারিয়া
একুশ আমার হাওর জলে, সাদা বুনোঁহাস
একুশ আমার কিশোরবেলার, বায়ান্নটা তাস।
একুশ আমার বিরনি চালের দারুণ মজার ক্ষীর
একুশ আমার স্বাধীনতা, বেঁচে থাকার নীড়।
একুশ আমার খেলার সাথী, ছোট্টবেলার সই
একুশ আমার মায়ের দেয়া,
অ আ ক খ বই ।
একুশ আমার বাংলামায়ের, চিরসবুজ হার্ট
একুশ আমার রক্তে ভেজা, পুরোনো সেই শার্ট।
একুশ আমার বায়ান্নতে,
গর্জে ওঠা বোল
একুশ আমার বোনের খোঁপায়, রক্তজবা ফুল।
একুশ আমার দু:খ কষ্টের, পুরোনো সেই স্মৃতি
একুশ আমার বায়ান্নতে,
রক্তেভেজা প্রীতি ।
একুশ আমার বাংলাভাষার, অনেক বড় ঝুলি
একুশ আমার একুশ তোমার, কেমনে তারে ভুলি?
একুশ আমার আমন ধানের,
শুকনো চিড়া মুড়ি
একুশ আমার সদ্য জাগা, গোলাপ ফুলের কুঁড়ি।


