বিশেষ প্রতিনিধি
তৃতীয় ধাপে শুরু হয়েছে সুনামগঞ্জ জেলার ভোট। বৃহস্পতিবার ছিল এই জেলার ছাতকের ১৩ ইউনিয়নের নির্বাচন। এই ইউনিয়নের ভোট নিয়ে শঙ্কা ছিল জেলা জুড়ে। কিন্তু উল্লেখ করার মতো কোন বিশৃঙ্খলা হয়নি উপজেলার কোন ইউনিয়নেই। ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নাগেশ্বর কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাড়া বড় কোন অঘটন ভোট চলাকালে ঘটেনি।
উপজেলার কয়েকটি ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখার সময় সরকার দলীয় প্রার্থীদের এজেন্ট-সমর্থকরা যেভাবে বলেছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে। একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরাও বলেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে।
দুপুর ১২ টা ৪০ মিনিটে জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে কেন্দ্রে মহিলা ভোটার বেশি। ৭ টি বুথে ২৮৭৮ ভোটের মধ্যে ১৪০০ কাস্ট হয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল আহাদ বলেন,‘সকাল থেকে লাইন ধরে পুরুষ-মহিলারা ভোট দিচ্ছেন, কোন বিশৃঙ্খলা হয়নি’।
দুপুর সোয়া ১ টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের খরিদিরচর মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর ভোট কক্ষে গিয়ে দেখা যায়,সরকার দলীয় প্রার্থীর এজেন্ট সিরাজ উদ্দিন, বিএনপি’র প্রার্থীর এজেন্ট হোসাইন আহমদ ও বিদ্রোহী প্রার্থীর এজেন্ট শফিক মিয়া পাশাপশি বসা। তিন এজেন্টই বললেন,‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে’।
সোয়া ১ টা পর্যন্ত এই কেন্দ্রের ১৬১১ ভোটের মধ্যে ৬৫ শতাংশ কাস্ট হয়েছে বলে জানালেন প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম।
উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১ টা ৪০ মিনিটে গিয়ে কেন্দ্রের সামনে ১৭ জন ভোটার ভোট দেবার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মোস্তাক আহমদ বলেন,‘৫০০ ভোট ইতিপূর্বে কাস্ট হয়ে গেছে। বাকী সময়ে আরো ভোট কাস্ট হবে’। তিনি জানালেন, ‘কেন্দ্রে ভোটার নিয়ে আসতে সকাল থেকেই সাধারণ সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা তৎপর ছিলেন’।
উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথের বিএনপির এজেন্ট শামীম রশীদ বললেন, ‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে, জাল ভোটও হয়নি’। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’র এজেন্ট আব্দুল হাইও একই কথা জানালেন।
এই ইউনিয়নগুলো ছাড়াও অন্য কোন ইউনিয়নে অনিয়ম, ভোট ডাকাতি, জাল ভোট প্রদানের তেমন কোন অভিযোগ কোন প্রার্থী বা তাদের এজেন্টরা বৃহস্পতিবার সন্ধা ৭ টা পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জানাননি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘ছাতকের ১৩ ইউনিয়নের নির্বাচনের মধ্য দিয়ে জেলায় নির্বাচন শুরু হয়েছে। এই ১৩ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জ ছিল আমাদের, একটি কেন্দ্রে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে’।

