জামালগঞ্জে সিএনজি চালকদের মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বেসরকারি সংস্থা এফআইবিডিবির দুর্নীতির বিরুদ্ধে জামালগঞ্জ সিএনজি’র চালকেরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন সিএনজি চালক নিজাম উদ্দিন ফরাজী, মো. আব্দুল কদ্দুছ, সামছুল হক, মো. নবাব মিয়া, জিয়াউর রহমান, সামছুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।
লিখিত অভিযোগে বক্তারা বলেন, এফআইবিডিবি জামালগঞ্জ শাখার আরএম বজলুর রহমান, ম্যানেজার মতিহরণ দাস, পরিচালক রুহুল কবির এর মাধ্যমে
 নির্ধারিত মূল্য ৪ লক্ষ ৩০ হাজার টাকায় তারা এক একটি সিএনজি ক্রয় করেন। পরবর্তীতে সিএনজি চালকদের অজান্তে প্রতিটি সিএনজির মূল্য ৪৭ হাজার টাকা বৃদ্ধি করে ৪ লক্ষ ৭৭ হার্জা টাকা মূল্যে কিস্তি নেয়া শুরু করে। কিন্তু কোন সময় কোন চালককে বিক্রয় রশিদ ও ব্যাংক চালান ফরম দেওয়া হয় নাই। একটি সিএনজি প্লেইট নাম্বার সংযোজন করতে ১৩ হাজার টাকার স্থলে ৩২ হাজার ৫ শত টাকা নেয়া হয়েছে। নির্ধারিত সুদ ছাড়াও অবৈধভাবে অতিরিক্ত টাকা সুদ নিচ্ছে। উপজেলার প্রায় দেড়শত সিএনজি চালক তাদের লেনদেনের হিসাব চাইলে এফআইবিডিবির জামালগঞ্জ শাখার কতৃপক্ষ হিসাব দিতে অপারগতা প্রকাশ করে। মানববন্ধন শেষে  উপজেলার ৬২ জন সিএনজি চালক স্বাক্ষরিত একটি অভিযোগ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি, এই বিষয়ে উভয় পক্ষের শোনানি গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।