সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়       পরিচালনা কমিটির সভাপতি মোছা. রাবেয়া বেগমের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সদস্য মোছা. নুরুন্নাহার চৌধুরী চিনু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ শহীদ বিদ্যালয়ের মিনার নির্মাণের জন্য নগদ ৫০ হাজার টাকা, বিদ্যালয়ের উন্নয়নের জন্যে আ. মছব্বির নগদ ৫০ হাজার টাকা, আসকির মিয়া নগদ ৫০ হাজার টাকা, লিটন মিয়া নগদ ৪০ হাজার টাকা, নজির আহমদ নগদ ২৫ হাজার টাকা, আঙ্গুর মিয়া ২৫ হাজার টাকা, তারিছ মিয়া নগদ ২০ হাজার টাকা এবং লুৎফুর রহমান নগদ ৫ হাজার অনুদান প্রদান করেন।
প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু বলেন,‘সুশিক্ষিত জাতি হিসেবে আমাদের শিশুদের গড়তে প্রাথমিক শিক্ষায় আমরা অধিকতর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমন্বয়ে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের জন্য সহজতর হবে। প্রবাসীদের সহযোগিতায় দেশের উন্নয়ন গতিধারা অব্যাহত থাকবে। ’