বিদায় কালিকাদা

সুমনকুমার দাশ
আকাশের ওপারেও নাকি আকাশ আছে। জানি না, সে আকাশ কেমন? সেখানে তুলোর মতো মেঘেরা ভেসে বেড়ায় কি না, তা-ও তো জানি না। শুধু জানি, একদিন ওই আকাশে চলে যেতে হয়। সেই আকাশেই চলে গেলে তুমি। হায়, এত দ্রুত, এতই দ্রুত চলে গেলে তুমি। বিদায়, কালিকাদা। বিদায় লোকগানের শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য।          
কালিকাদা, তুমি এমন কেনো? তোমার না হাওর ঘুরে লোকগান সংগ্রহের কথা ছিল। তোমার না নেশা ছিল, ঝিমধরা দুপুরে গ্রামের পুকুরপাড়ে বসে গাইবে শাহ আবদুল করিমের গান। তোমার না মাটি খুঁড়ে একেবারে গভীর থেকে তুলে আনার কথা ছিল আরও সুর, আরও কথা। তুমি এমন কেনো? এভাবে চলে যেতে হয় নাকি?
তুমি তো গ্রামের মাটিকে মেঘ বানিয়ে ভাসিয়ে দিয়েছিলে শহরের আকাশে। সেই সুরের মেঘ এখন বৃষ্টি ঝরাচ্ছে আমার হৃদয়ে। আহা, কি অদ্ভুত আর মায়াবী সেই মেঘ। ভালো থেকো দাদা। তোমার জন্য রইল কিছু অশ্রুপাত।