বিশেষ প্রতিনিধি
বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়লেও নানা অজুহাত দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও ঠিকাদার বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ বন্ধ রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকরা বোরো ধান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
পিআইসিদের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন অনেক হাওরের বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। ইতোমধ্যে নানা অজুহাত দেখিয়ে বাঁধ নির্মাণ কাজ বন্ধ রেখেছেন পিআইসি ও ঠিকাদার। যদিও পাউবো ও ঠিকাদারদের দাবি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উপ সহকারি প্রকৌশলীগণ জানিয়েছেন কোথাও বাঁধের কাজ বন্ধ নেই । অনেক বাঁধের কাজ শেষ এবং বাকীগুলো শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের পূর্ব দিকে হাওরের বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। জামালগঞ্জ উপজেলার হালী হাওরের বেহেলী ইউনিয়নের কালী বাড়ি, সুন্দরপুর এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ ও একই হাওরের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কাছের বাঁধ নির্মাণ বন্ধ রয়েছে।
হালীর হাওরের সুন্দরপুর ও কালী বাড়ি এলাকার বাঁধের পিআইসি বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য অজিত রায়, মনু মিয়া, সুফিয়ান মিয়া, রাশিদা বেগম। তবে পিআইসির সভাপতি ইউপি সদস্য মনু মিয়া জানিয়েছেন, কাজ বন্ধ নেই, কাজ চলছে। বরাদ্দ সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। তারপরও হাওরের ফসল রক্ষায় কৃষকদের তাগিদে তারা বাঁধের কাজ নিয়মিত করে যাচ্ছেন। অধিকাংশ কাজ শেষ, সপ্তাহ খানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
পাগনার হাওরের বাঁধ নির্মাণে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের কাছের ঢালিয়ার বাঁধ, খাগাউরা গ্রামের কাছের ফুলিয়া টানার বাঁধের কাজ এখন শেষ হয়নি। সংশ্লিষ্ট
পিআইসির সভাপতিরা দায়সারাভাবে কাজ করছেন। সঠিকভাবে এসব বাঁধের কাজ হয়নি।
বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের একাধিক কৃষক জানান, আছানপুর গ্রামের বাজার ও স্কুলের কাছে এখনও মাটি ফেলা হয়নি। হেরার কান্দি খালে সঠিকভাবে মাটি ফেলা হয়নি। এসব কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের সাথে স্থানীয় আওয়ামী লীগ নামধারী কিছু নেতাকর্মীর যোগসাজশ থাকায় স্থানীয়রা ভয়ে কিছু বলতে চায় না। কৃষকরা পাউবোর এসওকে কাজের জন্য অনুরোধ করলেও কাজ শুরু হয়নি।
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কৃষক আলী আহমদ মুরাদ বলেন,‘হালী ও শনির হাওরের বোরো ফসল নিয়ে আমরা উদ্বিগ্ন। এখন পর্যন্ত অনেক বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। স্থানীয় সংসদ সদস্য রতন সাহেব সরেজমিনে এসে পাউবোকে তাগিদ দেয়ার পরও কাজ হচ্ছে না। দুই তিন ধরে হালী হাওরের সুন্দরপুর এলাকা রামজীবনপুর গ্রামের কাছের বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে।’
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘হাওরের বোরো ধান নিয়ে কৃষকরা উদ্বিগ্ন। পাগনার হাওরের মতির ঢালার বাঁধ ক্ষেতের আলের মতো করে দেয়া হয়েছে। এছাড়াও এই হাওরের দিরাই এলাকার বেশ কয়েকটি বাঁধের কাজ এখনও শেষ হয়নি। হালীর হাওরের সুন্দরপুর-কালী বাড়ি বাঁধের পিআইসিরা জানিয়েছেন টাকার অভাবে কাজ করতে পারছেন না। এভাবে কাজ বন্ধ থাকলে হাওরের ফসল রক্ষা করা যাবে না। ’
বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার বলেন,‘ আছানপুর গ্রামের কাছের বাঁধে সামান্য কিছু কাজ বাকি রয়েছে, এসব কাছ খুব ছোট। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কালীপুর-সুন্দরপুর বাঁধে আমরা দিনরাত উপস্থিত থেকে কাজ করাচ্ছি। তবে বরাদ্দ সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তাই কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে। ’
ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন,‘পাগনার হাওর আমাদের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের অন্তর্গত। কিন্তু পানি উন্নয়ন বোর্ড পিআইসি দিয়েছেন দিরাই উপজেলার ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নের। আমরা বার বার বিষয়টি পাউবোকে জানালেও তারা কর্ণপাত করেননি। ওই সব পিআইসির কাজ শেষ হয়নি। যা কিছু করা হয়েছে তা লোক দেখানো ও দায়সারা। এসব বাঁধ এভাবে থাকলে পাগনার হাওরের ফসল হুমকিতে পড়বে। পাউবো ঝুঁিকপূর্ণ কাজ দেয়া হয় পিআইসিদের উল্টোদিকে কম ঝুঁিকপূর্ণ কাজ দেয়া হয় ঠিকাদারদের। ’
পাগনার হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী (এসও) নিহার রঞ্জন দাস বলেন,‘পাগনার হাওরের পিআইসির সকল বাঁধ নির্মাণ কাজ শেষ, কোথাও কোন বাঁধের কাজ বাকী নেই। কাজে কোথাও অনিয়ম হয়নি। গত শুক্রবার থেকে কাউয়ারবাদা বাঁধের কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান নুর ট্রেডিং। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। ’
হালী হাওরের পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী (এসও) আলী রেজা বলেন,‘ বরাদ্দ সঠিক সময়ে ছাড় না হওয়ায় পিআইসিদের টাকা দেয়া সম্ভব হয় না, তাই পিআইসির সভাপতিরা একটু সমস্যায় আছেন। তবে কোন বাঁধের কাজ বন্ধ নেই, পিআইসিরা কাজ করে যাচ্ছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান বলছেন আগামী সোমবার আছানপুর গ্রামের বাঁধের কাজ শুরু করবে।’


