সিলেটে দুই দফায় বিস্ফোরণ- নতুনপাড়ার পুলিশ অফিসার আবু কয়সর দিপু নিহত

বিশেষ প্রতিনিধি
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকাল সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার (নিলয়-২) বাসিন্দা সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সিআইও-১ চৌধুরী মোহাম্মদ আবু কয়সর চৌধুরী দিপুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে সিলেট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর মধ্যে দিপুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ২ জন। আরেকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আবু কয়সর চৌধুরী দিপু মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী ও মাতা হাসনা চৌধুরী’র ৮ সন্তানের মধ্যে ৩য় সন্তান ছিলেন। তারা ৭ ভাই ও ১ বোন। ১৭ বছর আগে বিয়ে করেন দিপু। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার দিপু সৎ ও মেধাবী পুলিশ অফিসারের হিসাবে পরিচিত ছিলেন।
রাত সাড়ে ৯ টায় তাঁর মৃত্যু সংবাদ সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় পৌঁছালে নতুনপাড়া ও জামাইপাড়াসহ   
সুনামগঞ্জ শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনসহ সকলেই পরিবারের অন্যদের সমবেদনা জানানোর জন্য আবু কয়সর দিপু’র বাসায় গিয়ে ভিড় করেন। কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সকল সদস্য সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ায় শোকাহত অনেকের সঙ্গেই পরিবারের সদস্যদের দেখা হয়নি।
শহরের জামাইপাড়া মডার্ণ ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন আবু কয়সর চৌধুরী দিপু।
জামাইপাড়ার বাসিন্দা সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মোজাম্মেল হক চৌধুরী মুনিম বলেন, ‘প্রতিবেশি বড় ভাই হলেও দিপু ভাই আমাদের বন্ধু’র মতোই ছিলেন। ক্লাবে ও পাড়ায় জনপ্রিয় ছিলেন তিনি।’
একই মহল্লার বাসিন্দা সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘মহল্লার সকলের প্রিয় দিপু, আমরা খুবই মর্মাহত। খবর শুনে সকলেই এসেছেন পরিবারের প্রতি সমবেদনা জানাতে, কীভাবে কী হয়েছে, এখনো বিস্তারিত জানা হয়নি।’
এ ঘটনায় আহত আরেক পুলিশ ইন্সপেক্টর দক্ষিণ সুরমা থানার ওসি শাহ্ হারুনের বাড়ী বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ সমিতির সিলেটের সভাপতি। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।