বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বিশ্বম্ভরপুরের ফসল তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার বিকালে উপজেলার বৃহৎ খরচার হাওর পানিতে তলিয়ে যাওয়া কৃষকের বোর ফসল এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি কৃষকের পাশে থাকার জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় যোগদান করেন।
সভায় এলাকার কৃষকরা দুর্নীতিবাজ পিআইসি ও ঠিকাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফসলের ক্ষতিপূরণ, আগামী ফসল উৎপাদনে বীজ ও সার সরকারি ভাবে বিতরণ, ডিজেল, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখা, রেশনিং ব্যবস্থা চালু এবং আগামীতে নদী খননসহ স্থায়ী ফসল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় বিভাগীয় কমিশনার সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে কৃষকদের দাবি দাওয়া তুলে ধরবেন বলে আশ্বাস দেন। তাছাড়া যারা বাঁধ নির্মাণ, মেরামত কাজে অনিয়ম দুর্নীতি করেছে তাদের সঠিক তথ্য দেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি রায়, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সদস্য চিত্তরঞ্জন গোস্বামী ছানাসহ স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।
- ছাতকে সহকারী শিক্ষিকাকে প্রধান শিক্ষকের থাপ্পর!
- ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণের মহা পরিচালক


