বাঁধ রক্ষায় পুঁতে দেওয়া হলো নৌকা

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার শ্যামারচর এলাকার কৃষকদের জমি আছে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বেড়িখালি হাওরে। এই হাওরের ফসলরক্ষা বাঁধটি রয়েছে ঝুঁকির মুখে। স্থানীয় কৃষকেরা বাঁধটি রক্ষায় দিন-রাত স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এই বাঁধটি টিকিয়ে রাখতে বাঁধের ওপর নিজের একটি বড় কাঠের নৌকা পুঁতে দিয়েছেন স্থানীয় কাদিরপুর গ্রামের কৃষক ও ব্যবসায়ী অরুণ চন্দ্র সরকার।
অরুণ চন্দ্র সরকার বলেন, এই হাওরে আমার নিজের বেশ কিছু জমি আছে। জমি না থাকলে তো সব শেষ। এলাকার সব কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধে কাজ করছেন। পানি আটকাতে নৌকাটি বাঁধে দিয়েছি। তারপরও যদি শেষ রক্ষা হয়।
স্থানীয় কৃষক অমর চাঁদ দাশ জানান, এলাকার কয়েকশ কৃষক বাঁধটি রক্ষায় কাজ করছেন। আমরাও বাঁধে আছি। অরুণ চন্দ্র সরকার বাঁধে তার নৌকাটি দেওয়ায় বেশ উপকার হয়েছে।