ছাতক প্রতিনিধি
ছাতকে আদিবাসী পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মালামালসহ বসতঘর ও একটি খড়ের ঘর ভস্মিভুত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাসনগর (মনিপুরী বস্তি) গ্রামের বাংলাদেশ মনিপুরী সমাজকল্যাণ সমিতির ছাতক শাখার সভাপতি ব্রজেন্দ্র সিংহ’র বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানার এসআই খছরু ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর প্রায় পৌনে দু’টায় মনিপুরী বস্তির ব্রজেন্দ্র সিংহ’র বসত ঘরের ভেতর থেকে হঠাৎ আগুন দাউ-দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো বসতঘরসহ পাশের খড়ের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বস্তির লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় ঘন্টাখানেকের মধ্যেই গোটা ঘর মালামালসহ ভস্মিভুত হয়। অগ্নিকান্ডে ৪০ মণ ধানসহ আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে গৃহকর্তা ব্রজেন্দ্র সিংহ দাবি করেছেন।


