সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবি জানিয়েছে সুজন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড বদিউল আলম মজুমদার বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দবি জানান।
সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অতিবৃষ্টি, পাহাড়ী ঢলে পাউবো’র ঠিকাদার ও পিআইসিদের অসময়ে করা এবং না করা বাঁধ দিয়ে পানি ঢুকে চৈত্রের মাঝামাঝি সময়ে সুনামগঞ্জের সকল হাওর ডুবে গেছে।এ ধরণের বিপদ ইতিপূর্বে দেখেননি সুনামগঞ্জের কৃষকরা। কাচা ধান পচে হাওরে মাছের মড়ক লেগে এখন পুরো হাওরাঞ্চলে বিষক্রিয়া দেখা দিয়েছে। বিপন্ন হাওবাসীকে বাঁচাতে পুরো হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, বেশিরভাগ কৃষক সরকারি, বেসরকারি ও মহাজনী ঋণের জালে আবদ্ধ। বেঁঁচে থাকার তাগিদে গৃহপালিত গবাদীপশু প্রকৃত মুল্যের কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে বোরোচাষের সঙ্গে জড়িত কৃষকের  অর্থনেতিক মেরুদন্ড ভেঙে পড়েছে। এমতাবস্থায় সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার কোন বিকল্প নেই।
তিনি বলেন, একজন কৃষক সবকিছু হারাল। এই জন্য সে দায়ী? তার কোন দোষ ছিল না। তারা হল ভিকটিম। অন্যের অপরাধ, অপকর্ম, দুর্নীতির কারণে কৃষকের আজকে এই অবস্থা। এই অপকর্মের জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে শুধুমাত্র নামকাওয়াস্তে লোক দেখানো বদলি কিংবা শাস্তি দেওয়ার বদলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তিনি বলেন, সকল নদী, খাল, বিল ও হাওর খনন করা সবচেয়ে জরুরি বলে মত দেন। ফসলহানির পর মাছে ব্যাপক হারে যে মড়ক দেখা দিয়েছে সেটা প্রতিরোধে কর্যকরী উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান তিনি।
সুজনের সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাড. হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাসুম হেলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিক্ষা আন্দোলন কর্মী তাজিমা হোসেন মজুমদার, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ন্যাথানিয়াল এডুইন ফেয়ারক্রস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সায়েখ আহমদ, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, সুজনের জেলা সাধারণ সম্পাদক আলী হায়দর প্রমুখ।