বিজয় রায়, ছাতক
ছাতকে অকাল বন্যায় বোরো ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ইতিধ্যেই উপজেলার ১৩ হাজার ৩শ’ জন কৃষকের তালিকা প্রণয়ন করে সরকারী সহায়তা প্রদানের
কার্যক্রম চলছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে।
চৈত্র মাসে আকষ্মিক বন্যায় চলতি বোরো মৌসুমে উপজেলার সবকটি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী উপজেলায় ১৪ হাজার ২শ’ ৪০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে অকাল বন্যায় ১১হাজার ৩শ’ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বাকী প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসলও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারী সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উপজেলার ১৩ ইউনিয়নে ১০হাজার ২শ’ এবং পৌরসভায় ৩ হাজার কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী সহায়তা পাবেন।


