মতিয়ার চৌধুরী, লন্ডন
বৃটেনের সাধারণ নির্বাচনে আবারও টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রোশনারা আলী নির্বাচিত হয়েছেন। এনিয়ে রুশনারা আলী তিনবার এবং টিউলিপ সিদ্দিক ও রুপা দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়ে বৃটেনের বহুজাতিক সমাজে বাঙালির মুখ উজ্জ্বল করলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দীক দ্বিতীয় বারের মত ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। ৩৪ হাজার ৬শ ৬৪ ভোট পেয়ে টিউলিপ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি টোরি দলীয় প্রার্র্থী ক্লেয়ার লুইজ লিল্যান্ড এর চেয়ে প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। ফল ঘোষণার সময় গণনা কেন্দ্র্রে টিউলিপের মা শেখ রেহানা, ভাই রেজোয়ান সিদ্দীক ববি, বোন রুপন্তী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সম্পাদক ও টিউলিপের অন্যতম প্রধান নির্বাচনী ক্যাম্পেইনার আনোয়ারুজ্জামান চৌধুরী, মতছির চৌধুরী জনি, জামাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও প্রতিদ্বন্ধি প্রার্থিদের পাশে নিয়ে টিউলিপ তাঁর প্রতিক্রিয়ায় ব্রিটিশ জনগণের পাশাপাশি বাংলাদেশী তথা সিলেটি কমিউনিটির অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে প্রথম এমপি হিসেবে হাউস অফ কমন্সে প্রবেশ করেন টিউলিপ সিদ্দিক। পার্লামেন্টে প্রবেশের পর পরই লেবার পার্টির উদীয়মান তারকা খ্যাতি পান বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশের জনকের নাতনী এই ব্রিটিশ এমপি। ব্রিটেনের বিভিন্ন জাতীয় ইস্যুতে পার্লামেন্টে তাঁর ঝাঁঝালো বক্তব্য সেরা দশ বক্তার খ্যাতিও এনে দেয় টিউলিপকে।
রোশনারা আলী
এ নিয়ে তৃতীয়বারের মত এমপি হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী রোশনারা আলী। স্থানীয় সময় ভোর ৫টায় রিটার্নিং অফিসার রোশনারাকে বিজয়ী ঘোষণা করে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও বো’র ফলাফল ঘোষণা করেন। কনজারভেটিভ দলীয় নিকটতম প্রার্থীকে ৩৫হাজার ৩শ ৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনেন রোশনারা। তাঁর প্রাপ্ত ভোট ৪২হাজার ৯শ ৬৯। নিকটতম কনজারভেটিভ দলীয় প্রার্থী এলেকের প্রাপ্ত ভোট ৭হাজার ৫শ ৭৬।
রূপা হক
ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে আবারও এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী ড. রূপা হক। নিকটতম কমজারভেটিভ দলীয় প্রার্থীকে ১৩ হাজার ৭শ ৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করে গ্রেটার লন্ডনের ইলিং এন্ড একটন থেকে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হলেন তিনি। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৩ হাজার ৩৭। নিকটতম কনজারভেটিভ দলীয় প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ২শ ৭২ ভোট।


