রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার
রেড ক্রিসেন্ট-এর পক্ষ থেকে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে    
 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনায় এসব অভিযোগ উত্থাপন করেন সদর উপজেলার লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়দুদ।
তিনি অভিযোগ করে বলেন,‘ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফসলহারা ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেয়া হবে ভাল কথা। কিন্তু আমার এলাকায় স্বজনপ্রীতি করা হয়েছে। একই পরিবারের তিনজনকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। ’
সভায় উপস্থিত জামালগঞ্জের ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার এসময় বলেন,‘ আমরা এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। শুনেছি আমার ইউনিয়নে তিনটি গ্রামে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হবে কিন্তু আমাকে অবগত করাই হয়নি। কারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করেছে আমরা তাও জানি না।’
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ ত্রাণ সহায়তা প্রদাণে স্বজনপ্রীতি বা কোন অনিয়ম করা মোটেও কাম্য নয়। বিষয়টির খোঁজ খবর নেয়া হবে।’