দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্ত্রী হত্যা মামলার আসামীকে সিলেট কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্থিঙ্গেরগাঁও গ্রামের রমজান আলীর পুত্র ইকবাল হোসেন (২৫)। শুক্রবার রাতে সিলেট শহরে কোতয়ালী থানা এলাকায় পালিয়ে থাকা আসামী ইকবাল হোসেন কোতয়ালী থানার পুলিশের হাতে গ্রেফতার হয়।
দোয়ারাবাজার থানা পুলিশ ইকবাল হোসেনের মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারেন সে সিলেট এলাকায় আছে । এ খবর সিলেটের কোতয়ালী থানা পুলিশের কাছে দেয়া হলে পুলিশ তাকে থানা এলাকা থেকে গ্রেফতার করে, শনিবার সকালে দোয়ারাবাজার থানার পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরুজ আল-মামুন তাকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসেন। আজ রবিবাব তাকে কোর্টে চালান করা হবে।
জানা যায় গত ১৩ জুন রাতে ঘাতক ইকবাল হোসেন মনুয়ারা বেগমকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার দুই দিন পরে এলাকাবাসী পরিত্যাক্ত লাশের খবর দিলে দোয়ারাবাজার থানার পুলিশ মনোয়ারা বেগমের গলিত লাশ
উদ্ধার করে।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, পালিয়ে থাকা স্ত্রী হত্যা মামলার আসামীকে মোবাইল ফোন ট্রেকিংএর মাধ্যমে সিলেট কোতয়ালী থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে।


