স্টাফ রিপোর্টার
হাওরের ব্যাপক ফসলহানির ঘটনায় দুদকের করা মামলায় গ্রেপ্তার হওয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এই জামিন আবেদন নামঞ্জর করেন।
সুনামগঞ্জে হাওরের ফসলহানির ঘটনায় গত ২ জুন পাউবোর ১৫ কর্মকর্তা, ৪৬ ঠিকাদারসহ ৬১জনের বিরুদ্ধে সুনামগঞ্জ
সদর থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারি পরিচালক মো. ফারুক আহমেদ। ওই দিনই দুদক পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের বরখাস্ত হওয়া সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও বাঁধের কাজের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইব্রাহিম ট্রেডার্সের মালিক মো. বাচ্চু মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
সোমবার আদালতে আফছার উদ্দিনের আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ূন মনজুর চৌধুরী ও হাসান মাহবুব সাদী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আইনুল ইসলাম বাবলু ও পরিতোষ চন্দ্র দাশ।
আইনজীবী আইনুল ইসলাম বাবলু জানিয়েছেন, জেল হাজতে থাকা মো. আফছার উদ্দিনের পক্ষে তার আইনজীবীরা সোমবার জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে হাওর রক্ষা বাঁধ না হওয়ায় এক লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার তিন লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।


