ধর্মপাশায় বাল্কহেডের ধাক্কায় নিহত ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার গামাই নদীতে বাল্কহেডের ধাক্কায় হরিদন ঋষি দাস (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের সাজদাপুর গ্রামে।
পুলিশ জানায়, হরিদন ঋষি দাস শনিবার সকালে ছোট ডিঙি নৌকা নিয়ে গ্রাম ডাক্তার দেখাতে পাশের কামারগাঁও গ্রামে যায়। পরে সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে সাতটায় গামাই নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। বাল্কহেডের ধাক্কায় ডিঙি নৌকাসহ হরিদন ঋষি দাস গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন পরে তাকে মৃত উদ্ধার করে।
মধ্যনগর থানার এসআই দীপংকর সরকার জানান, ঘটনাস্থল থেকে বাল্কহেড নৌকাসহ চালক শরিয়ত উল্লাহকে আটক করা হয়েছে। লাশ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।’