নানা চড়াই-উৎড়াই আর অম্ল-মধুর অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আরও একটি বছর পারি দিয়েছে আপনাদের সমর্থন ধন্য দৈনিক সুনামগঞ্জের খবর। আজকের সূর্যোদয়টি পত্রিকার পাঁচ বছর বয়স পেরিয়ে ছয় বছরে পদার্পণের শুভবার্তা ঘোষণা করছে। শ্রাবণের আকাশে মেঘ ও সূর্য একই সাথে অবস্থান করে। মেঘের পর্দা সরিয়ে সূর্য যখন কিরণ উদ্ভাসে সমুজ্জ্বল করে চারপাশ আমরাও তেমনি পাঁচটি বছরের কঠিন পথ অতিক্রম করে ষষ্ঠ বছরের প্রথম আলোর নরোম স্পর্শ গায়ে লাগিয়ে আজ শিহরিত। শিহরিত হওয়া আনন্দ লাভের উপলক্ষ্যও বটে। কারণ এই জনপদে দৈনিক পত্রিকা প্রকাশের এক সুকঠিন প্রতিজ্ঞা অন্তরে ধারণ করে সেই যে ২০১২ সনের ৩০ জুলাই আমরা যাত্রা শুরু করেছিলাম, তারপর প্রতিটি দিনই আমাদের মনে হয়েছে,Ñ আর বোধ করি সম্ভব হবে না এই ভার টানা। তবুও হয়েছে। এক এক করে পাঁচটি বছরের ১৮২৬ টি দিনই আমরা সংগ্রামে উত্তীর্ণ হতে পেরেছি। এই ঝঞ্ঝাসঙ্কুল ১৮২৬ দিনের অবিরাম যাত্রা সম্ভব হয়েছে আমাদের অগণিত পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থনের কারণে। বিশ্বাস করি মনে প্রাণে, আমরা যা করতে চাই তার পিছনে সর্বদাই সাহস জুগায় এইসব অগণন মুখ, আমাদের প্রিয়জন। আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই শুভক্ষণে।
প্রান্তিক জেলা শহর সুনামগঞ্জ। ব্যবসা-বাণিজ্যে অনগ্রসর এই জেলায় একটি দৈনিক পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা শুধু কঠিনই নয়, এক অর্থে বিলাসিতাও বটে। আমরা যাত্রা শুরুর সময় প্রতিজ্ঞা করেছিলাম গণমুখী সাংবাদিকতা চর্চার, যা আরও কষ্টসাধ্য। প্রতিজ্ঞার প্রতি কতটুকু অবিচল থাকতে পেরেছি সেই বিচারের ভার আমাদের পাঠক সমাজের কাছে। তবে এইটুকু বলতে পারি, কোন অনৈতিক চর্চায় লিপ্ত হই নি আমরা কখনও। এখনও পত্রিকা প্রকাশের জন্য আমরা প্রতিদিন সংগ্রাম করি। প্রকাশনা ও অফিস খরচ সংকুলানের জন্য গলদঘর্ম হই। কিন্তু কোন অনুগ্রহের দুয়ারে মাথা বিকোতে যাই নি কখনও, নিঃসঙ্কোচে এই কথা বলতে পারি। আমাদের প্রেরণায় সর্বদাই গণমানুষ ও গণমানুষের স্বার্থ জাগ্রত থাকে। গণস্বার্থ রক্ষায় সংবাদপত্রের যে ঐতিহাসিক ভূমিকা রাখার কথা সেখানে আমরা বহু চোখ রাঙানি উপেক্ষা করে মানুষের পাশেই থাকার চেষ্টা করেছি। আমরা শিখেছি মানুষের পাশে থাকার মতো কঠিন জিনিস আর কীছু নেই। তবুও তাই মানুষেই আমাদের বিশ্বাস। মানুষেই আমাদের আস্থা। এই মানুষের শুভেচ্ছা নিয়েই পথ চলতে চাই আমরা যতদিন আছি।
আমরা সহায়তা পেয়েছি জেলার সুধীজনদের, তাঁরা আমাদের ছায়া দিয়েছেন সংকটে ভরসা দিয়েছেন। নামোল্লেখ করে তাঁদের ছোট করতে চাই না। শুধু হৃদয়ের গভীর ভিতরে রেখে দিতে চাই এইসব মহানুভবদের। আমাদের বিজ্ঞাপনদাতারা সর্বদাই নিজে থেকে এগিয়ে এসে আমাদের সমর্থন জুগিয়েছেন, এজন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় যে আন্তরিকতার পরশ দিয়েছেন সেইটুকু আমাদের পরম পাওয়া। এইসব প্রাপ্তি আমাদের সাহস বাড়ায়, সাহসে পথচলার অনুপ্রেরণা দেয়। আমরা এইসব ভালবাসার প্রতিদান দিতে চাই পত্রিকার পাতায়। যদি পদস্খলন ঘটে যদি মোহগ্রস্ত হওয়ার মতো মেঘ জমে আমাদের আকাশে, এইসব অগণিত মুখ নিশ্চিতভাবেই আমাদের সঠিক পথে রাখবে, এই বিশ্বাসের উক্তি রেখে যেতে চাই নতুন বছরের নতুন প্রভাতে।
আজ পত্রিকার ষষ্ঠ বর্ষশুরুর এই মাহেন্দ্রক্ষণে আমরা কোন বেদনার কথা বলতে চাই না। এইসব বেদনা যেহেতু আমাদের দমাতে পারে না তাই অনুক্তই থাকুক তা। শুধু আনন্দের কথা আজ, আজ শুধুই শপথের উচ্চারণ। আপনাদের সাথে থাকার আপনাদেরই একজন হয়ে।


