ছাতকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি

ছাতক প্রতিনিধি
ছাতকের মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি উঠেছে। শহর ভিত্তিক ছাড়া এখনো বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শহিদ মিনার নেই। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা জানে না ভাষা আন্দোলন কি, স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ কি। আবার অনেক     
 শিক্ষা প্রতিষ্ঠানে বাঁশ-বেত ও কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরী করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। বছর দু’য়েক আগেও নোয়ারাই ইউনিয়নের মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের শহীদ মিনারে জাতীয় দিবসের শ্রদ্ধা নিবেদন করেছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নজরে আসলে মানিকপুর বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরী করে দেন। এখনো উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক-শিক্ষার্থী মিলে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে তাতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আসছেন বছরের পর বছর। এক বিবৃতিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন এ দাবী জানান। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান,   দেশের ভবিষ্যত প্রজন্মকে ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে বর্তমান শিক্ষাবান্ধব মুক্তিযুদ্ধের চেতনার সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও জানাতে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবীটি যৌক্তিক বলে তিনি মনে করেন।