মুমিনুল-নাসিরের সাথে হাসলো তানবীরের ব্যাট

সু.খবর ডেস্ক
শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন মুমিনুল হক। তাই টেস্টের মূল একাদশে ফেরার জন্য প্রস্তুতি ম্যাচটা একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল তার জন্য। তবে নিজের কাছে নিজের প্রত্যাশার ষোলো আনা পূরণ না করতে পারলেও দরজায় কড়া নেড়েছেন ঠিক। একই রকম গুরুত্ব ছিল নাসির হোসেনের জন্যও। দীর্ঘদিন থেকেই জাতীয় দলে প্রায় ব্রাত্যই হয়ে আছেন। এদিন খেলছিলেন দারুণ। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি তিনিও। আর এ দুই তারকা ক্রিকেটারের সঙ্গে পাল্লা দিয়ে দারুণ খেলেছেন নিউজিল্যান্ড সিরিজে দলে থাকা তানবীর হায়দার। হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেও।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। ভালোই খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক তামিম ইকবাল ও তার পার্টনার মুমিনুল। তবে মুমিনুলের একটি কলে সাড়া দিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তামিম (২৯)। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি সাব্বির হোসেনও। তাইজুলের বলে হয়েছেন বোল্ড (১০)।
চতুর্থ উইকেটে নাসির হোসেনকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল।  ৬০ রানের জুটিও গড়েন তারা। তবে সাকলাইন সজীবের বলে স্কুপ করতে গিয়ে আউট হন মুমিনুল। ১৩৫ বলে ৫টি চারের মারে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। এরপর তানবীরকে নিয়ে  হাল ধরেন নাসির। গড়েন ৬৫ রানের জুটি। এ জুটি ভাঙ্গেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন নাসির। ৯২ বলে ৩টি করে চার ও ছক্কায় ৬২ রান করেন মিস্টার ফিনিশার।
নাসিরের বিদায়ের পরও ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে যান তানবীর। ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি। ২২ রান করেন সানজামুল। শেষ দিকে শফিউল করেন ১০ রান। প্রথম ইনিংসে ৭৮.৩ ওভার ব্যাট করে ২৮৩ রানে অল আউট হয় তামিমের দল। মুশফিকের দলের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও সাকলাইন সজীব। এছাড়া ২টি উইকেট পান তাইজুল ইসলাম।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই মুশফিকের দল। শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়েছে তারা। মোস্তাফিজের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ওপেনার। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। সৌম্য সরকার ৯ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে উইকেটে আছেন।
সংক্ষিপ্ত স্কোর :
মুশফিকের দল প্রথম ইনিংস: ৯ উইকেটে ১৪০ (ইনিংস ঘোষণা)
তামিমের দল প্রথম ইনিংস: ৭৮.৩ ওভারে ২৮৩ (আগের দিন ৪৯/১) (তামিম ২৯, লিটন ৫, মুমিনুল ৭৩, সাব্বির ১০, নাসির ৬২, তানবীর ৫১, সানজামুল ২২, তাসকিন ২, রাব্বি ২, শফিউল ১০*, মোস্তাফিজ ২, রুবেল ৩/৫৪, সাকলাইন ৩/৬৪, তাইজুল ২/৮০, নাঈম ১/২৩)।
মুশফিকের দল দ্বিতীয় ইনিংস: ৫ ওভারে ২৪/১ (ইমরুল ৮, সৌম্য ৯*, শান্ত ৭*, মোস্তাফিজ ১/১২)