নলুয়ায় ডুবেছে ৪ হাজার হেক্টর

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের ভুরাখালী দক্ষিণের বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় ৪ হাজার হেক্টর  জমির পাকা-আধা পাকা বোরো ফসল পানিতে ঢুবে গেছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। রবিবার ভোরে এ ফসলহানির ঘটনা ঘটে। সোনালি ফসল হারিয়ে কৃষকদের মধ্যে বুকফাটা আর্তনাদ আর হাহাকার শুরু হয়েছে।
কৃষকরা জানান, উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢলে ও কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে হাওরের বাঁধগুলো হুমকির মুখে পড়ে। ২/৩দিন ধরে পানির চাপে ফসল রক্ষা বাঁধগুলোতে স্থানীয় প্রশাসনের তদারকি ও কৃষককের স্বেচ্ছাশ্রমে লড়াই করলেও শেষ রক্ষা হলনা কৃষকদের। ভোর রাতে বাঁধ ভেঙ্গে হাওরের ফসল ডুবে গেছে।
নলুয়াহাওর পাড়ের কৃষক ভূরাখালী গ্রামের বাসিন্দ আলী হোসেন জানান, ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে আমার ১৫ কেদার জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ বছর ২৮ কেদার জমিতে আবাদ করেছিলাম। এর মধ্যে ১৩ কেদার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কষ্টের ফলায়িত ফসল গোলায় তোলতে পারিনি। খুব চিন্তায় আছে সংসারের যোগান কী ভাবে করব।
আরেক কৃষক হালেয়া গ্রামের বাসিন্দ কাছা মিয়া জানান, তিনি ওই হাওরে ২০ কেদার জমিতে চাষাবাদ করেছেন। ৩ কেদার জমির ধান গোলায় তুলেছেন। বাকী ফসলগুলো বাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, চলতি বছর এ উপজেলার নলুয়া ও মইয়ার হাওরসহ ছোট বড় ১৫টি হাওরে ২৫ হাজার  হেক্টর বোরো ফসল চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার বাঁধের উপর দিয়ে হাওরে পানি প্রবেশ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, শত  প্রচেষ্টা করেও  হাওর রক্ষা করা গেল না । পাহাড়ি ঢল আর বৈশাখী ঝড়ে বেড়িবাঁধের উপর দিয়ে হাওরের ফসল পানিতে নিমজ্জিত হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, এমনিতেই শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় নলুয়া ও মইয়ার হাওরের ১০ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছিল। রবিবার নলুয়া হাওরে পানি ঢুকে ৪ হাজার হেক্টর সোনালি ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের মাঠ পর্যায়ের কর্মকর্তা (এসও) মোছাদ্দেক এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।