মমিন আবারও ইউপি সদস্য পদে…

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মো. মমিন মিয়া আবারও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়াডের্র সৈয়দপুর গ্রামের বাসিন্দা। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মার্কা পেয়েছিলেন টিউবওয়েল। ১৬ হাজার ভোট পেয়ে ২য় স্থান লাভ করেছিলেন তিনি।
এবার সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. মমিন মিয়া সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। বিগত সময়ে টানা দুইবার    ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর প্রথম নির্বাচনী মার্কা ছিল কলস এবং পরের বার নির্বাচনে মার্কা পেয়েছিলেন মোরগ। এবারও মোরগ মার্কা পেয়েছেন তিনি।
ইউপি সদস্য মো. মমিন মিয়া বলেন, ‘আমি জনস্বার্থে এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমাকে ওয়ার্ডের জনগণ ভালবাসেন, আমিও ভালবাসি। তাই আমি একাধিকবার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এবারও আমাকে নির্বাচিত করবেন ওয়ার্ডবাসী। এটা আমার দৃঢ় বিশ্বাস।’