কুমার সৌরভ
ওই যে ফ্রক পড়া শিশু মেয়েটি
পানিতে ভেসে আছে
সে নিষ্প্রাণ,
তার জীবন কেড়ে নেয়া হয়েছে।
এই শিশুর মুখখানি দেখ হা হয়ে আছে
চোখগুলো মোদা
তার জামায় ফুলের মতো কিছু আঁকিবুকি
কয়েক বিন্দু পানি মুক্তো দানার মতো
ঘিরে আছে তার নিষ্পাপ মুখ।
কেন প্রাণ নেই তার?
কেন ভেসে আছে সে পানির শ্মশানে?
এই শিশুটির বালিকা থেকে যুবতী
যুবতী থেকে জননী হওয়ার অধিকার
কে কেড়ে নিল?
রোহিঙ্গা শিশুটি জানে না
জাতি কী, দেশ কী, নাগরিকত্ব কী
সে শুধু বুঝে মায়ের বুকের স্তনে তার সুখ
মায়ের কোল তার দেশ
বড় হলে সে বুঝত দেশই মা
মায়ের আঁচলের মতোই পরম আশ্রয়
এই অবোধ শিশুটিকে মায়ের কোল ছাড়া করল কে?
তার কণ্ঠের নীচে আরেক বিন্দু জল
দেখ কমনীয় চাঁদের মতো লেগে আছে
শিশুটির অকাল প্রয়াণে বুঝি চন্দ্রমা আজ
সলিল শয়নে শিশুটির মা হয়ে
করেছেন মহাযাত্রার আয়োজন।
এই রোহিঙ্গা কন্যাটি আমার,
পৃথিবীর সকল মমতাময়ী মায়ের
সব মানবিক পিতার
আমরা আজ কন্যাহারা হলাম
একটি নাফ নদীর বুকে।
৩০.০৮.২০১৭


